Advertisement

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট
রাজবাড়ীতে ব্যবসায়ীদের গরুবাহী ট্রাক থামিয়ে ট্রাকে থাকা গরু ও অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনাটি ঘটে। এসময় দেশীয় অস্ত্রের মুখে ট্রাকে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১ টি গরুর পাশাপাশি ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাতেরা। ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন, হেলাল গাজী ও মিনহাজ গাজী। তারা বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা। এসময় তাদের সাথে আরও ২ জন সহকর্মী উপস্থিত ছিলেন। ঘটনার পর সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে  রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা করেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশায় মহাসড়কের পাশে অবস্থিত একটি হোটেল থেকে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী অভিমুখে রওনা হন ব্যবসায়ীরা। রওনা হওয়ার কিছুক্ষণ ভোররাত পৌনে ৪ টার দিকে পরেই পেছন থেকে একটি ট্রাক এসে গরুবাহী ট্রাকটির দিকে চাপিয়ে দিয়ে পথরোধ করে অপর ট্রাকটি। ওই ট্রাক থেকে অজ্ঞাত ১০-১২ জন নেমে আসে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা গরুবাহী  ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে মহাসড়কপথে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় এনে সেখান থেকে গরুগুলো ডাকাতদলের ট্রাকে তুলে নেয়। পাশাপাশি তাদের কাছে থাকা মোবাইল ফোন ও ইসদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাতেরা। পরে ব্যবসায়ীদের গরু পরিবহনে ব্যবহার করা ট্রাকটি ফেলে চলে যায় ডাকাতেরা। এসময় ব্যবসায়ীরা তাদের বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের উপর আক্রমণ করে। এতে ২ জন ব্যবসায়ী জখম হন। এবিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’