সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- যশোর
সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি যশোর রিজিয়ন। এসব অভিযানে ১৫৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ ও নেশাজাতীয় সিরাপ।
এদিকে ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে একই সময়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়। উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও ২৭ দশমিক ৩ কেজি গাঁজা।
বিজিবি জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি সার্চলাইট ও থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়,কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
জনপ্রিয়



















