মানুষ হওয়ার ক্লান্ত পরিভাষা মুছে ফেলে
যদি কোনো দিন পুনরায় ফিরি এই কোলাহলে,
আমি আর মানুষের ঠিকানায় ফিরবো না।
হতে পারি কোনো নিঃসঙ্গ মেঘের ছায়া,
কিংবা নদীর ভাঙনধরা চরের নিঃস্ব বালি—
যেখানে মানুষের কোনো লোভ নেই,
আছে শুধু প্রকৃতির একাকী মায়া।
তুমি যদি সকালের প্রথম রোদ্দুর হও,
আমি তবে হবো প্রাচীন কোনো বটের ছায়া;
আমাদের দূরত্ব ফুরোবে শেকড়ের গভীরে গিয়ে।
যদি কখনো আর এই ভুবনে দেখা না হয়,
জেনে রেখো—
ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু হয়ে,
কিংবা দূর আকাশের অচেনা ধ্রুবতারা হয়ে
আমি ঠিকই বেঁচে থাকব এই পৃথিবীর অন্তহীন নিয়মে।
মৃত্যু এখানে কোনো সমাপ্তি নয়,
এ কেবল রূপ বদলের খেলা;
জন্ম-মৃত্যুর এই অনন্ত চক্র পেরিয়ে
আমি আর মানুষ হয়ে ফিরব না।
লেখক
ড. মাহবুব বিন শাহজাহান
প্রফেসর, আইন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ


















