Advertisement

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন তিনি। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে রাজপথে থেকেছেন জীবনের বড় একটি সময়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনীতি, প্রতিটি পর্যায়েই ছিল তার সরব উপস্থিতি। তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজ ১৭ নভেম্বর তার ৫০তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, টাঙ্গাইলের সন্তোষসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সাধারণ মানুষের জীবনসংগ্রামকেও রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন ভাসানী। তার রাজনীতির মূল দর্শন ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার এবং ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে বেশি গুরুত্ব দিতেন তিনি। এ কারণে অনুসারীদের কাছে তিনি পরিচিতি পান ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ নামে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে পড়াশোনা করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন।

ব্রিটিশ আমলে আসামের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান তিনি। জমিদারি প্রথার বিরুদ্ধে এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। আসামের ধুবড়ী এলাকায় ভাসানচরে কৃষক আন্দোলনে ভূমিকার কারণে তার নামের সঙ্গে যুক্ত হয় ‘ভাসানী’ উপাধি।

পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন মওলানা ভাসানী। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন।

স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন তিনি। খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি আলোচনায় আসে। জীবনের শেষ পর্যায়ে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন তিনি।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ ছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন তার মাজার প্রাঙ্গণে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর মেলার শেষ দিন। এতে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের অবসান ঘটলেও শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার রাজনৈতিক অবস্থান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।