সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধুত্বের সংজ্ঞা বদলে দিয়েছে। এখন আর বন্ধুত্ব গড়তে চায়ের আড্ডা, দীর্ঘ পথচলা কিংবা সামনাসামনি পরিচয়ের প্রয়োজন হয় না। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, সঙ্গে একটি ক্লিক ব্যস, অপরিচিত মানুষটিও হয়ে যান ভার্চুয়াল বন্ধু। কিন্তু সেই বন্ধুদের সবাই কি আদৌ বন্ধুত্বের যোগ্য? কেউ দিনের পর দিন অপ্রয়োজনীয় পোস্ট দিয়ে বিরক্ত করছেন, কেউ আবার পরিচিতির আড়ালে উঁকি দিচ্ছেন অনাকাঙ্ক্ষিত ব্যক্তিগত জীবনে। অথচ কাজের ব্যস্ততা, আলসেমি কিংবা লোকলজ্জায় তাদের বন্ধু তালিকা থেকে সরানোও হয়ে ওঠে না।
তবে এবার আর সংকোচ নয়। অপ্রয়োজনীয় ভার্চ্যুয়াল বন্ধুত্বের বোঝা নামিয়ে রাখার দিন আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আনফ্রেন্ড দিবস’। দিনটি যেন সোশ্যাল মিডিয়ার বন্ধু তালিকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর এক বিশেষ উপলক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে অপ্রয়োজনীয় যোগাযোগের ঝামেলাও। যাদের সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই, যাদের পোস্টে বিরক্তি বাড়ে কিংবা যাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজনই নেই, তাদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিকে উৎসাহিত করতেই এই দিবসের প্রচলন।
২০১৪ সালে মার্কিন কৌতুক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা বন্ধু ছাঁটাই দিবসের ধারণাটি সামনে আনেন। তার উদ্দেশ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা।
একসময় বন্ধুত্ব মানেই ছিল একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া কিংবা বিপদে পাশে দাঁড়ানো। সময়ের সঙ্গে সেই চেনা ধারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। এখন কয়েক হাজার ফেসবুক বন্ধু থাকলেও বাস্তবে কথা বলার মতো মানুষের সংখ্যা হাতে গোনা।
মজার বিষয় হলো, ভার্চুয়াল বন্ধু তালিকায় এমন অনেকেই থাকেন, যাদের সঙ্গে বছরের পর বছর কোনো কথা হয় না। কেউ একসময় পরিচিত ছিলেন, কেউ আবার নিছক কৌতূহলবশত বন্ধু হয়েছেন। সময়ের ব্যবধানে তাদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন ফুরিয়ে গেলেও তালিকায় রয়ে গেছেন বহাল তবিয়তে।
কেউ আবার নিয়মিত অপ্রাসঙ্গিক পোস্ট, অনাকাঙ্ক্ষিত মন্তব্য কিংবা অযাচিত বার্তা দিয়ে বিরক্তির কারণ হয়ে ওঠেন। অথচ তাদের আনফ্রেন্ড করতে গেলেই সামনে আসে নানা সামাজিক হিসাব-নিকাশ। পরিচিত মানুষ কী মনে করবেন, সম্পর্ক নষ্ট হবে কি না এসব ভাবতে ভাবতেই আর সরানো হয় না কাউকে।
বন্ধু শব্দটি বহু পুরোনো হলেও ‘আনফ্রেন্ড’ শব্দের জনপ্রিয়তা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরেই। বিশেষ করে ফেসবুকের মতো প্ল্যাটফর্মে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করার এই ডিজিটাল প্রক্রিয়া শব্দটিকে পরিচিত করে তোলে। ২০০৯ সালে অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচিত করে। শব্দটির অর্থ হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বন্ধু তালিকা থেকে কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়া।
আনফ্রেন্ড দিবসের মূল বার্তা খুব সহজ, ভার্চুয়াল বন্ধু তালিকা বড় হলেই যে বন্ধুত্বের পরিধি বড় হবে, এমন কোনো কথা নেই। বরং অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে নিজের ডিজিটাল পরিসরকে স্বস্তিদায়ক করে তোলাই হতে পারে এই দিনের অন্যতম উদ্দেশ্য।
বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় নানা ধরনের পোস্ট, মজার স্ট্যাটাস ও আলোচনা। কেউ বন্ধুতালিকা থেকে পুরোনো পরিচিতদের বাদ দেওয়ার পরিকল্পনা করেন, কেউ আবার রসিকতা করে লেখেন, আজ বুঝি অনেকের বন্ধুত্বের মেয়াদ শেষ হতে চলেছে!
তাই আজ চাইলে একবার নিজের ভার্চুয়াল বন্ধু তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন। যাদের সঙ্গে যোগাযোগ নেই, যাদের উপস্থিতি কেবল বিরক্তির কারণ, তাদের বিদায় জানানোর সুযোগ তো আছেই। তবে মনে রাখতে হবে, আনফ্রেন্ড করলেই শত্রুতা নয়; কখনো কখনো নিজের ব্যক্তিগত পরিসর ও মানসিক স্বস্তি রক্ষার জন্যও কিছু দূরত্ব প্রয়োজন।


















