Advertisement

পারিবারিক ঝগড়ার সময় যেসব কথা কখনোই বলা উচিত নয়

পারিবারিক ঝগড়ার সময় যেসব কথা কখনোই বলা উচিত নয়

পারিবারিক ঝগড়া বেশিরভাগ সময় এমন রূপ নেয় যে, তা মূল সমস্যাটিকে ছাড়িয়ে অনেক বড় হয়ে দাঁড়ায়। টাকা-পয়সা নিয়ে সামান্য মতপার্থক্য হঠাৎ করেই বহু বছরের জমে থাকা ক্ষোভের আলোচনায় রূপ নিতে পারে। ঘরের কাজ বা দায়িত্ব নিয়ে করা একটি মন্তব্য হয়তো পাঁচ বছর আগে বলা কোনো পুরনো কথাকে টেনে আনে। আর কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় সবাই কেবল কথা বলে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না; এমন সময় কেউ হয়তো এমন কিছু বলে ফেলে, যা পরে সে নিজেই ফিরিয়ে নিতে চায়।

সবচেয়ে কঠিন বিষয় হলো, পরিবারের সদস্যরা সাধারণত খুব ভালোভাবেই জানেন যে, কোথায় আঘাত করলে অপর পক্ষ সবচেয়ে বেশি কষ্ট পাবে। তারা জানেন কার মনে কী পুরনো ইনসিকিওরিটি বা নিরাপত্তাহীনতা রয়েছে, কোন বিষয়গুলো স্পর্শকাতর, আর কোন ভুলগুলো এখনো মনে পড়লে কষ্ট দেয়। উত্তপ্ত মুহূর্তে এই বিষয়গুলোই যেন একেকটি অস্ত্রে পরিণত হয়।

আলোচনা শান্ত রাখার জন্য যে আপনাকে অন্য কারো সঙ্গে একমত হতেই হবে, তা কিন্তু নয়। তবে কিছু কথা আছে যা না বলাই ভালো, বিশেষ করে যখন আবেগ চরমে থাকে। পারিবারিক কলহের সময় এই কথাগুলো বলবেন না-

যদি তুমি কখনোই আমার জীবনে না আসতে!

খুব বেশি কষ্ট পেলে হয়তো এমন কথা মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু এটি পুরো আলোচনার মোড়ই বদলে দেয়। তখন আর মূল সমস্যা নিয়ে আলোচনার সুযোগ থাকে না; বরং অপর পক্ষ সম্পর্কের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে। এমনকী পরে আপনি ক্ষমা চেয়ে নিলেও, তার মনে থেকে যেতে পারে যে তার এই জীবনে কোনো প্রয়োজনই ছিল না। আপনি যদি আসলে বোঝাতে চান যে, তুমি যা করেছ তাতে আমি কষ্ট পেয়েছি, তবে সেটিই বলুন। ব্যক্তির অস্তিত্ব বা জীবনে তার অবস্থানকে আক্রমণ না করে, তার করা নির্দিষ্ট কাজটি নিয়ে কথা বলুন।

তুমি সবসময় এমনটাই করো

“সবসময়” শব্দটি একটি ছোট মতপার্থক্যকে পুরো মানুষটির ব্যক্তিত্বের বিচারসভায় পরিণত করতে পারে। হয়তো আজ সে এমন কিছু করেছে যা আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু অতীতের সব ভুলকে বর্তমান আলোচনার মধ্যে টেনে আনলে, বর্তমান সমস্যাটির সমাধান করা আরও কঠিন হয়ে পড়ে।

বরং নির্দিষ্ট পরিস্থিতিটির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। তুমি যখন এমনটা করলে, তখন আমার মনে হয়েছে আমাকে উপেক্ষা করা হচ্ছে- এভাবে বললে অপর পক্ষ অন্তত কিছু বলার সুযোগ পায়। কিন্তু তুমি কখনোই কারো পরোয়া করো না- এ ধরনের কথা বললে সে কেবল আত্মরক্ষামূলক (defensive) হয়ে ওঠে।

এই পরিবারের সবাই তোমাকে নিয়ে বিরক্ত

এই কথাটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে, কারণ এটি ঝগড়ার মধ্যে এক অদৃশ্য তৃতীয় পক্ষকে (অন্যান্য সদস্যদের) টেনে আনে। হয়তো আপনি কেবল একজন ব্যক্তির ওপর রাগান্বিত, কিন্তু যখন বলেন যে পরিবারের সবাই একই রকম মনে করে, তখন সেই ব্যক্তি নিজেকে কোণঠাসা এবং অপমানিত বোধ করতে পারেন। এটি পরিবারের অন্যান্য সদস্যদেরও এমন এক দ্বন্দ্বে টেনে আনতে পারে, যার কথা তারা হয়তো জানেই না। নিজের অনুভূতি নিয়ে কথা বলার সময়, সেগুলোর দায়ভার নিজের ওপর নিন। অন্য সবার হয়ে কথা না বলে বরং বলুন, যা ঘটেছে তাতে আমি কষ্ট পেয়েছি।

তুমি তো একদম (এমন একজন ব্যক্তি যাকে আপনি অপছন্দ করেন)-এর মতো!

কারও সঙ্গে তুলনা করাটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি আঘাত দিতে পারে, বিশেষ করে যখন সেই ব্যক্তিটির সঙ্গে অপরপক্ষের কোনো তিক্ত অতীত থাকে। আপনি যখনই কাউকে এমন কোনো অপ্রীতিকর আত্মীয়, প্রাক্তন সঙ্গী, কিংবা এমন কারও সঙ্গে তুলনা করেন যার মতো না হওয়ার জন্য তারা বছরের পর বছর চেষ্টা করেছে, তখন আলোচনার মূল বিষয়টি আর বর্তমান সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি কোনো আচরণ আপনার অপছন্দ হয়, তবে সরাসরি সেই আচরণের কথা বলুন। এর সঙ্গে অন্য কোনো ব্যক্তির পরিচয় টেনে আনার প্রয়োজন নেই।

বেশ তো! আমি তোমার সঙ্গে আর কখনোই কথা বলব না!

মাঝে মাঝে কিছুটা দূরত্ব বা বিরতি নেওয়া সত্যিই প্রয়োজন হতে পারে। ঝগড়া চালিয়ে যাওয়ার চেয়ে বরং সেই পরিস্থিতি থেকে সরে আসা অনেক বেশি স্বাস্থ্যকর হতে পারে। তবে সম্পর্কটিকেই হুমকির হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সম্পর্ক চিরতরে ছিন্ন করার ঘোষণা না দিয়ে, বরং বলুন যে আলোচনার আগে আপনার কিছুটা সময়ের প্রয়োজন। সহজভাবে বলতে পারেন, আমি এখন এতটাই রাগান্বিত যে বিষয়টি নিয়ে ঠিকমতো কথা বলতে পারছি না। চলো, পরে কথা বলি। এটি সাময়িক ক্রোধকে স্থায়ী হুমকির রূপ না দিয়েই প্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে সাহায্য করে।