দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কার ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ৬ রানেই সাজঘরের পথ ধরেন ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা। উইকেট পতনের ধারা আর থামাতে পারেনি লঙ্কানরা।
প্রথম পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। লাহিরু উদারা ৪, সুরিয়াবান্দারা ২, দিনেশ চান্দিমাল ৭, কামিন্দু মেন্ডিস ৮ ও ধনঞ্জয়া ডি সিলভা ১ রান করে।
ষষ্ঠ উইকেটে জুটি গড়ার প্রয়াস চালান দলনেতা কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা। ৪৯ রানের জুটি গড়লেও দলকে চাপমুক্ত করতে পারেননি তারা। ৫০ বলে ৩২ রান করে আউট হন কুশল। এরপর দ্রুতই অলআউট হয়ে যায় সফরকারীরা। দিনুশা ২১, মিলান রত্নায়েক শূন্য, প্রবাথ জয়সুরিয়া ৩, লাহিরু কুমারা শূন্য ও আসিথা ফার্নান্দো ১ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমির জামাল। আর একটি উইকেট পান সাকিব খান।


















