জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধিতে সুন্দরবন এবং উপকূলের প্রাণ—প্রকৃতি বিপর্যস্ত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ বিশ্বে মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম করে. অথচ জলবায়ুর অভিঘাতে ভয়াবহ বিপর্যয়ের শিকার হচ্ছি আমরা। প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে কিন্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করবে কে? জলবায়ু তহবিল থেকে উন্নয়নশীল দেশে ৬৫ শতাংশ আসে ঋণ হিসেবে। আমরা ঋণ নয়, ক্ষতিপূরণ চাই। আমরা ন্যায্য জ্বালানি রূপান্তর চাই। সুপেয় পানির নিশ্চয়তা চাই। জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদীর চরে মানবববন্ধন, মিছিল ও সমাবেশে বক্তারা একথা বলেন। বেসরকরি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট এ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্ট’র আয়োজনে একর্মসুচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট এ্যাকশন ফোরাম মোংলার সভাপতি পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তৃতা করেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম, লিডার্স এর বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, মহাপ্রান সুন্দরবন কেবলমাত্র বাংলাদেশ না এটি এশিয়ার ফুঁসফুঁস। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়যোগ্য সবুজ জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই, আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ুর অভিঘাত থেকে সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলেদের জীবন—জীবিকা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। কয়লা দূষণ—শিল্প দূষণে নদী মাছশুন্য হয়ে পড়েছে। নিরাপদ খাবার পানি নেই। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের প্রাণ—প্রকৃতি, বনজীবী—জেলে—বাওয়ালি মাওয়ালিসহ উপকূল ও বাংলাদেশে জলবায়ু ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দয়া—দাক্ষিণ্য বা অনুকম্পা নয়, তথাকথিত উন্নত বিশ্বের কাছে আমরা জলবায়ু ক্ষতিপূরণ চাই।
জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পানি সংকটে নারী ও শিশু স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে। সারাক্ষণ তীব্র লবণ পানি ব্যবহারে উপকূলের নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত। নারীর প্রজনন স্বাস্থ্য সমস্যায় বন্ধ্যাত্ম’র সংখ্যা দিন দিন বাড়ছে। কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলের নারী ও শিশু স্বাস্থ্যে নিঃশর্ত অর্থায়নের জোর দাবি জানাই। আমরা পৃথিবীর ন্যায্য রূপান্তর চাই।
জনপ্রিয়


















