গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাতভর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) সকালেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের মোড়ে অবরোধ দেখা গেছে। এতে ঢাকা-পিরোজপুর, ঢাকা-টুঙ্গিপাড়া ও টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার সকাল থেকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অবরোধের জন্য কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকা পড়ছেন। কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অধিকাংশ এলাকায় বড় ধরনের কোনো মিছিল দেখা যায়নি। তবে সকাল ১০টার পর পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, স্লোগান ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে টুঙ্গিপাড়া থানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন। থানার স্বাভাবিক কার্যক্রমও বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন পুলিশ সদস্য ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যারাক ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন বলেও স্থানীয় সূত্রের দাবি। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগুনে সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি আশপাশের আরও প্রায় ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া মঙ্গলবার রাতের সহিংসতায় টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এ ঘটনায় যানবাহন ও সরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ অব্যাহত থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।
বুধবার সকাল ১১টা পর্যন্ত পাওয়া স্থানীয় তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কের অবরোধ অপসারণ, যান চলাচল স্বাভাবিক করা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সূত্র- ইনকিলাব


















