জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ভুমি দস্যু ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- চট্টগ্রাম
র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ; ফেসবুক পেজ ও ভুয়া আইডির মাধ্যমে প্রশাসনবিরোধী অপপ্রচার নেটওয়ার্কের তথ্য উদ্ঘাটন।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ আভিযানিক দল গতকাল রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বাইজিদ বোস্তামি ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ১। মোঃ ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, ২। আব্দুর শুক্কুর, ৩। মোঃ পারভেজ মোশারফ, ৪। মেহেদী হোসেন, ৫। মোঃ সাকিবুল হাসান এবং ৬। মোঃ আনোয়ার হোসেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তার বিভিন্ন কর্মকাণ্ড ও জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনাসহ সকল অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে জানা যায়। মেহেদী ও সাকিব হাসান দুই ভাই যারা ইয়াসিনের আপন বোনের ছেলে এবং আলিনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজের অ্যাডমিন। আনোয়ার ইয়াসিনের আপন বোনের ছেলে এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে প্রচারণায় সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পারভেজও ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।
সাইবার অপপ্রচার সংক্রান্তে গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। ফেসবুক পেজ ও আইডি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো।
পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
অভিযানে তাদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট আইডি, পেজ, যোগাযোগ, অর্থায়ন ও প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও অপরাধমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় পুলিশের দৃঢ় অবস্থান
জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। দীর্ঘদিনের অপরাধপ্রবণতা ও সন্ত্রাসী তৎপরতা নির্মূল করে স্থানীয় জনগণের নির্বিঘ্ন চলাচল, নিরাপদ বসবাস এবং আইনসম্মত অধিকার নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় ছয়টি রাস্তার নির্মাণকাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।
অপপ্রচার ও আইনানুগ কার্যক্রমে বাধার বিরুদ্ধে কঠোর অবস্থান
চট্টগ্রাম জেলা পুলিশ স্পষ্টভাবে জানাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি সিদ্ধান্ত ও আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো অপরাধী গোষ্ঠী অপপ্রচারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তির সুরক্ষা, ভূমিসংক্রান্ত অপরাধ দমন এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলা পুলিশ আপসহীন। এ বিষয়ে সর্বস্তরের জনগণকে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকা এবং অপরাধীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা, ভূমিসংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ডিজিটাল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে অপপ্রচার ও সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের অনুসন্ধানে প্রাপ্ত Mehedi Hossain, Md Mehedi Hossain, Opo Radhi, Mohammad Nayem, সায়েম সোবহান আনভীর, জনগণের নেতা, Bip Lob, MD Omar Faruk, মোহাম্মদ বিনিয়ামিন হাসান, MSH Sakib, MD Shakib Hossain, Mdromjan Ali, Ahmed Ullah Chowdhury, MD Ali, Arif Rahman, জাগ্রত আলী নগর, Bali Bey, সাধারণ জনগণ, Delowar Hossain, Mdalom Marv, নুসন্ধান 2.0, আলীনগর প্রিমিয়ার লীগ, নাগরিকবার্তা ২৪, Amara Aria, Md Ali (Page Admin), Ariyan Ahmand, এমএইচ ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ, এমএমটিভি মিডিয়া, বেস্ট মোটিভেশন, জঙ্গল সলিমপুর নিউজ ২৪, মোহাম্মদ পারভেজ, নিলয় পারভেজ, আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জঙ্গল সলিমপুর মিডিয়া সেল, The Daily First Sun এবং The Daily News-সহ সংশ্লিষ্ট আইডি ও পেজসমূহ গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের মোবাইল পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি পেইজ ও আইডি পাওয়া গেছে যাদের বিরুদ্ধে অনুসন্ধান করে অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
জনপ্রিয়



















