জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সদ্য রোপণ করা আলু নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হামিদুল ইসলাম শেখ। এ ঘটনায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। অন্যদিকে, জমির মালিকানা ও দখল নিয়ে পাল্টা অভিযোগ করেছেন অপর পক্ষ।
জিডি সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম শেখের অভিযোগ, পৈতৃক ও কবলা সূত্রে পাওয়া ৫০ শতক জমিতে গত ১৭ নভেম্বর তাঁরা আলু রোপণ করেন। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে একই গ্রামের চার ব্যক্তি এনামুল হক দুলাল, মোজাহারুল ইসলাম, গোলাম হোসেন শেখ ও সজীব ওই জমিতে রোপণ করা আলু নষ্ট করেন। এতে প্রায় ৩৭ শতক জমির আলু ক্ষতিগ্রস্ত হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে দাবি তাঁর।
এ বিষয়ে ভুক্তভোগী হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, জমিটি তাঁদের দীর্ঘদিনের ভোগদখলে রয়েছে। জমির আরএস রেকর্ড, খাজনা ও নামজারিও তাঁদের নামে। ওই জমিতে তাঁরা আমন ধান চাষ ও কর্তন করেছেন। আলু নষ্ট করার পাশাপাশি তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় ৯৫৮ নম্বর সাধারণ ডায়েরি করেছেন।
জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে হামিদুল ইসলামের পক্ষের লোকজন জানান, জমির দাগসংক্রান্ত ভুল সংশোধনের জন্য আদালতে ২৬১ নম্বর মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের মুকিমুল মল্লিকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জমিটির মূল মালিক ছিলেন বিনসের শেখ। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। উত্তরাধিকার সূত্রে ছেলেরা তাঁদের অংশ এবং মেয়েরা তাঁদের অংশ পাবেন। কিন্তু মেয়েদের ওয়ারিশেরা ছেলেদের অংশ দাবি করে জমি দখলের চেষ্টা করছেন। তাঁরা ছেলেদের ওয়ারিশদের কাছ থেকে ক্রয়সূত্রে জমির মালিক হয়েছেন বলেও দাবি করেন তিনি।
মুকিমুল মল্লিক আরও বলেন, চলতি মৌসুমে তাঁরা ওই জমিতে সরিষা চাষ করেছিলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন সরিষা নষ্ট করে সেখানে আলু রোপণ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই আলু নষ্টের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জিডির বিষয়টি আমার জানা নেই। তবে ডিউটি অফিসারের কাছে করে যেতে পারে।



















