যশোরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- যশোর
যশোরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক তরুণীর আদালতে দায়ের করা নালিশি অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
অভিযুক্ত রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২) শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুর বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী (১৯) যশোরের একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। এ সময় শিক্ষক রাসেল পারভেজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে ওই তরুণী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। এরপর পরিবারের পক্ষ থেকে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পরও পুরোনো সম্পর্ক ও ব্যক্তিগত তথ্য প্রকাশের ভয় দেখিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকেন অভিযুক্ত। গত ১ সেপ্টেম্বর সকালে শেখহাটি বাবলাতলা এলাকায় তরুণীর ভাড়া বাসায় গিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর স্বামী বাসায় এসে দুজনকে দেখে ফেলেন। এর জেরে তাঁদের দাম্পত্য জীবনে ভাঙন ধরে এবং স্বামী তাঁকে তালাক দেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে আইন অনুযায়ী বিয়ে করার লিখিত অঙ্গীকারনামা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে তিনি সেই অঙ্গীকার অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে নালিশি অভিযোগ করলে আদালতের নির্দেশে তা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
জনপ্রিয়


















