Advertisement

রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে অভিযানে বিপুল পরিমাণ পান-সুপারি

রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে অভিযানে বিপুল পরিমাণ পান-সুপারি
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি টিম বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করে। এ সময় বেডের নিচে ও বিভিন্ন কোণায় লুকিয়ে রাখা অবস্থায় বস্তা ও পলিথিনভর্তি বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরেই পান, জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছিল। যত্রতত্র ময়লা-আবর্জনা ও পানের পিক ফেলায় অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং হাসপাতাল প্রাঙ্গণকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও তামাকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে হাসপাতালে আগত রোগী ও দর্শনার্থীদের নিয়মকানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।