Advertisement

ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
ঠাকুরগাঁও জেলার মাঠে মাঠে এখন সোনালি আমনের সমারোহ। চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো সার-বীজ পাওয়ায় জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি বাজারে ধানের দামও ভালো পাওয়ায় খুশির জোয়ার বইছে কৃষকদের মাঝে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবছর ঠাকুরগাঁওয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। ক্ষেত ভরা পাকা ধান এখন কৃষকের ঘরে তোলার পালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ সবাই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের এক সোনালি ধানের ক্ষেতে কৃষক আলীসহ আরও কয়েকজন কৃষক ধান কাটছেন। হাতে কাস্তে আর কাটা ধানের আঁটি নিয়ে তাদের মুখে তৃপ্তির হাসি। কৃষকরা জানান, এবার প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন। গতবারের তুলনায় ফলনও বেশি হয়েছে। পাশাপাশি বাজারে প্রতি মণ ধান ১১৫০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ভালো পাওয়ায় সারা বছরের খরচ ও লাভ দুটোই ঘরে আসবে বলে আশা করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,আল্লাহর রহমতে এবার ফলনও ভালো হইছে, দামও ভালো। পোকা-মাকড়ের আক্রমণও কম। এইবার আর লোকসান হবে না। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, এবারের আমন মৌসুমে কৃষকরা উন্নত জাতের ধান চাষ করায় ফলন ভালো হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “সরকারের প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা উপকৃত হয়েছেন।” কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ধান কাটা-মাড়াই শেষে জেলার মোট চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ধান অন্যান্য জেলায়ও যাবে। এতে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোনালি ধানে ভরে উঠা মাঠ আর কৃষকের মুখের হাসিই বলে দিচ্ছে, এবারের আমন মৌসুম ঠাকুরগাঁওয়ের কৃষকের জন্য সত্যিই আশীর্বাদের।