Advertisement

রিপাবলিকানদের জন্য বিপুল অর্থ ব্যয় ছিল বোকামি: ইলন মাস্ক

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের জন্য বিপুল অর্থ ব্যয় ছিল বোকামি: ইলন মাস্ক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রচারে বিপুল অর্থ ব্যয় করাকে বোকামি বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর নিজের ব্যয় করা অর্থের বিষয়ে এমন উপলব্ধির কথা জানান তিনি।

বুধবার নিউইয়র্ক টাইমসের বার্ষিক ‘ডিলবুক সামিটে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে মাস্ক বলেন, নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এখন নিজেকে বেশ বোকা মনে হচ্ছে। নির্বাচনে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বড় দাতা ছিলেন মাস্ক। তিনি রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে ৪৪৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। বিশেষ করে টেক্সাসে দলটির প্রার্থীদের সমর্থনে বড় অঙ্কের অর্থ ব্যয় করেন তিনি। টেক্সাসেই মাস্কের একাধিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

তবে ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে যাওয়ার প্রচেষ্টায় সমর্থন দিলেও নিজেকে ‘মাগা’ আন্দোলনের সমর্থক বলে মনে করেন না মাস্ক। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাগা নই।’ রিপাবলিকান পার্টির নীতির প্রতি অন্ধ আনুগত্য থাকলে সেটির মধ্যে নেই ।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। কয়েক দশক ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি আসনেও জয় পেয়েছে দলটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষের মধ্যে এ ফলাফলকে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মাস্ক বলেন, রিপাবলিকানদের প্রচারে অর্থ ব্যয় করে আমি তেমন কোনো সুফল দেখেনি। তবে আমার ধারণা, এই অর্থ ব্যয় না করলে দলটির প্রার্থীদের ফলাফল আরও খারাপ হতে পারত।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস বিনা পারিশ্রমিকে বিশেষ সরকারি কর্মচারী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাস্ক। এ সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ)-এর নেতৃত্ব দেন।

নির্বাচনের ফলাফল মাস্কের ব্যবসায়িক স্বার্থেও প্রভাব ফেলতে পারে। কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্যে ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দেওয়া কর ছাড়ের বিষয়ও রয়েছে।

জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টার কার্যক্রমের সম্প্রসারণ সীমিত করা এবং এ খাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর ছাড় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর। এ ছাড়া ট্রাম্পের পুনর্নির্বাচনের পর স্পেসএক্সের পাওয়া প্রায় ১০ বিলিয়ন ডলারের নতুন সরকারি চুক্তি নিয়েও তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।