জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে মো. আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে মো. ইজমুল ইসলাম রিপন (২০) এবং পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মো. রাশেদ হোসেন (২০)।
থানা পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মামলা নম্বর ১৬/১৬৭।
পরে আজ ১৯ নভেম্বর তাঁদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















