Advertisement

ঘূর্ণিঝড় আকভান: রাজবাড়ীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

ঘূর্ণিঝড় আকভান: রাজবাড়ীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজবাড়ী জেলাজুড়ে টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে জেলার সদরসহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও চরাঞ্চলের গবাদিপশু পালনকারীরা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে জেলার পাঁচ উপজেলার দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, ইটভাটার শ্রমিক এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। কাজ না থাকায় এবং রাস্তাঘাটে যাত্রী ও ক্রেতা কমে যাওয়ায় তাদের দৈনন্দিন আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে গোয়ালন্দ ঘাট এলাকা ও পদ্মা পাড়ের জেলে এবং নৌ-শ্রমিকদের জীবিকা নির্বাহে স্থবিরতা নেমে এসেছে। টানা বৃষ্টি ও হঠাৎ জেঁকে বসা শীতের আমেজে চরম দুর্ভোগে পড়েছে গৃহপালিত গবাদিপশু। পাংশা, কালুখালী ও গোয়ালন্দের পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের খামারিরা গরু, ছাগল ও মহিষ নিয়ে বিপাকে পড়েছেন। বৃষ্টির কারণে চারণভূমি কর্দমাক্ত হয়ে যাওয়ায় পশুগুলোকে মাঠে চড়ানো যাচ্ছে না, ফলে তীব্র গো-খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি স্যাঁতসেঁতে আবহাওয়া ও ঠান্ডা বাতাসে গবাদিপশুর শীতজনিত রোগবালাই ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন স্থানীয় খামারিরা। বৈরী এ আবহাওয়ায় জেলার বালিয়াকান্দি ও সদর উপজেলার নিচু এলাকার শীতকালীন আগাম সবজি ক্ষেত ও রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। দমকা হাওয়ায় অনেক স্থানে পাকা ধান হেলে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি চরাঞ্চলের গবাদিপশুর সুরক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও জরুরি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
জনপ্রিয়