রাতের আঁধারে আসছে ভারতীয় গরু, দিনের হাটের স্লিপে বৈধতার অভিযোগ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে পাচারের অবৈধভাবে নামছে ভারতীয় গরু। রাতে সীমান্ত দিয়ে পার করা এসব গরু দিনের হাটের স্লিপে বৈধতার অভিযোগ উঠেছে। বৈধতা দেওয়া হয় দিনের বেলায়। আবার দিনের বেলাতেও সুযোগ বুঝে নামানো হয় ভারতীয় গরু। এসব গরু যায় বকশীগঞ্জ, শ্রীবরদী, শেরপুর সদর উপজেলার বিভিন্ন গরু ব্যবসায়ী ও কসাইদের কাছে। আবার কিছু গরু স্থানীয় বাজারে বিক্রিও করা হয়। গরু পাচার চক্র রোধ করতে না পারলে দেশী গরুর চাহিদা যেমন কমবে তেমনি ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন দেশী খামারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ও বকশীগঞ্জ সীমান্তবর্তী সংলগ্ন শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধ চোরাচালান বেড়েছে। বকশীগঞ্জের বৈষ্ণব পাড়া, লাউচাপড়া, টিলা পাড়া, দিগলাকোনা, সাতানী পাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদল সহ আশপাশের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক, গরু ও কসমেটিকস পণ্য পাচার হয়ে আসছে। স্থানীয় প্রভাবশালী চক্র ও কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে প্রতি রাতেই চোরাচালান করছে। বিশেষ করে মাদক-গরু ও কসমেটিকস পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বার বার অভিযান চালিয়ে চোরাই পণ্য উদ্ধার করলেও চোরাকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ইতোমধ্যে বকশীগঞ্জের বৈষ্ণব পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। অপরদিকে মাদক বিরোধী অভিযানও অব্যাহত রেখেছে জামালপুর জেলা পুলিশ। এসবের মধ্যেই সক্রিয়ভাবে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নামনো হচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, রাত ১০ টার পর থেকে বকশীগঞ্জ ও শ্রীবরদীর কয়েকটি পাহাড়ি গ্রামে চোরাকারবারীদেও পদচারনায় সরগরম হয়ে উঠে। পাহাড়ের উচু নিচু টিলা ভেদ করে রাতভর বিভিন্ন কায়দায় বাংলাদেশে আনা হয় ভারতীয় গরু,মাদক ও ভারতদদীয় প্রসাধনী পণ্য।
তাদের ভাষ্যমতে প্রতিরাতে গারো পাহাড়ি এই জনপদ ব্যবহার করে ২০০ থেকে ২৫০ টি গরু অবৈধভাবে বাংলাদেশে আনা হয়।
চোরাকারবারী দলের সদস্যরা স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে থাকেন। সীমান্ত পেরিয়ে রাতভর গরু পাচার করে সারাদিন বিভিন্ন কায়দায় ও বিভিন্নভাবে গরু গুলো গন্তব্যে পৌঁছে দেন দায়িত্বে থাকা লোকজন।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ভারতের আমবাদি বাজার, পুরা কাশিয়া বাজার ও গারোবাদি বাজারে সাপ্তহিক হাট শনিবার ও মঙ্গলবারে হয়ে থাকে। অপরদিকে বাংলাদেশ সীমান্তের কর্ণঝোড়া বাজারে গরুর হাট বসে বুধবারে। ভারতের চোরাকারীরা শনিবার ও মঙ্গলবার গরু কিনে সীমান্ত এলাকায় জড়ো করে রাখে। পরে বাংলাদেশী চোরাকারবারীদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে পার করে দেয়। বাংলাদেশী চোরাকারবারীরা বুধবার কর্ণঝোড়া বাজারের গরু হাটের রসিদ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়।
কর্ণঝোড়া বাজারের গরুর হাটের ইজারাদার ও হাট সংশ্লিষ্টদের ম্যানেজ করে অবৈধ পথে আসা ভারতীয় গরু গুলো রসিদের মাধ্যমে বৈধতা দেওয়া হয়। ফলে সীমান্ত পার হয়ে আসা ভারতীয় গরু সহজেই বৈধতা পায়। একারণে সীমান্তে গরু আনা রোধ করা সম্ভব হয় না। বুধবার ছাড়াও প্রতিদিনই এসব রসিদ লাউচাপড়া বাজার , মেঘাদল বাজার ও কর্ণঝোড়া বাজারের কোন না কোন দোকান থেকে চোরাকারীদের সরবরাহ করা হয়।
সম্প্রতি বকশীগঞ্জ সীমান্তের লাউচাপড়া এলাকা থেকে ৮টি ভারতীয় গরু আটক করা হলে প্রায় ৮ ঘন্টা পর কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে বকশীগঞ্জ থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয় গরু গুলো। এনিয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাতেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার একজন সচেতন ব্যক্তি জানান, ভারতীয় গরু বাংলাদেশে আনা বন্ধ হবে না। এর সাথে বড় বড় মানুষ জড়িত। এছাড়াও ভারতীয় গরু নামার পর ভূয়া রসিদ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে করে দেশী গরুর খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই চিহ্নিত হাট ইজারাদারের রসিদ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি চোরকারবারীদের আইনের আওতায় আনা দরকার।
গরুর হাটের স্লিপ প্রশাসনের স্বাক্ষরযুক্ত করা হলে অনেকটাই গরু পাচার বন্ধ হয়ে যাবে বলে তিনি যোগ করেন।
চোরাকারবারীদের হাটের রসিদ সরবরাহের বিষয়ে কর্ণঝোড়া হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন জানান, গরুর হাটে কেনা বেচা হয়। কোন চোরাকারবারীকে রসিদ দেওয়া হয়।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল নুরুল আজিম বায়জিদ জানান, বিজিবি মাদক সহ সব ধরণের পাচার রোধে কাজ করে যাচ্ছে। প্রতিদিনই অবৈধ মালামাল সিজার করা হচ্ছে। সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িতদের বিজিবি কঠোর হস্তে দমন করবে। ইতোমধ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। মাদক,গরু পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
জনপ্রিয়


















