পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন শায়লা ফারজানা। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামিও তিনি।
শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক।


















