Advertisement

বড়লেখায় চুরির মামলায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

বড়লেখায় চুরির মামলায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানে উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন ২ ভরি ১১ আনা ৯ রতি। এর মধ্যে রয়েছে দুটি কানের দুল ও একটি স্বর্ণের গলার হার। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে বড়লেখা উপজেলাধীন দক্ষিণভাগ এলাকার বাসিন্দা সিএনজিচালক জসিম উদ্দিন তাঁর বসতঘরে তালা দিয়ে সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালার সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রপে রাখা তাঁর ভাবির স্বর্ণের গলার হার ও কানের দুল এবং দুটি মুঠোফোন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় ১৯ অক্টোবর বড়লেখা থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম, এসআই অলিয়ার রহমান, এএসআই নজরুল ইসলাম বাবু ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ধারাবাহিক অভিযান চালিয়ে ২০ অক্টোবর বড়লেখার দক্ষিণভাগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন- জিল্লুর মিয়া (২৬), পিতা- আবুল মিয়া, সাং- দোহালিয়া, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার; মনির হোসেন (৩৩), পিতা- মৃত সিরাজ উদ্দিন, সাং- আরেঙ্গাবাদ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার; এবং আব্দুল আহাদ (৪৪), পিতা- মৃত সুরুজ আলী, সাং- পূর্ব দক্ষিণভাগ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পারভেজ আহমদ (২৭), পিতা- ফয়জুর রহমান, সাং- দোহালিয়া, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া দুটি মুঠোফোন এবং চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর পারভেজ আহমদের দেওয়া তথ্য ও দেখানো মতে তাঁর সহযোগী সুমন আহমদ (৩৮), পিতা- মৃত রমিজ উদ্দিন, সাং- হরিরামপুর, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজারকে জুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত পারভেজ আহমদ ও সুমন আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘিরপাড় এলাকার রহমান ম্যানশনের দ্বিতীয় তলায় পুষ্পা জুয়েলার্সের ১৩ নম্বর দোকানে অভিযান চালানো হয়। এ সময় সাইদুর রহমান (২৩), পিতা- মো. সমছু মিয়া, স্থায়ী ঠিকানা- গয়াসপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সিলেট, বর্তমান ঠিকানা- পুষ্পা জুয়েলার্স, রহমান ম্যানশন, লালদিঘিরপাড়, সিলেটকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া দুটি কানের দুল ও একটি স্বর্ণের গলার হার উদ্ধার করা হয়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান খান জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার (২১ অক্টোবর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Advertisement
অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’ করপোরেট পরিচালক পদে প্রভা

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’ করপোরেট পরিচালক পদে প্রভা