নড়াইলে ভাশুরের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভাশুরের বাড়ি থেকে সাথী খানম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাথী খানম বৈকণ্ঠপুর গ্রামের খাঁজা বিশ্বাসের মেয়ে। তার স্বামী শাহাবুল ইসলাম পাখি প্রায় দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তাদের তিন বছর বয়সী ছেলে রাজ রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন সাথী তার ভাশুর পলাশ শেখের বাড়িতে বেড়াতে যান। বুধবার বিকেলে একটি কক্ষে যাওয়ার পর দীর্ঘ সময় তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করেন। একপর্যায়ে জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন বলে জানান পলাশ শেখ।
ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের দাবি, ঘটনার আগে সাথী তাকে এক ব্যক্তির বাড়িতে আসার বিষয়ে পলাশ শেখকে জানানোর কথা বলেছিলেন। পরে চিৎকার শুনে বাইরে এসে তিনি সাথীকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের বাবা খাঁজা বিশ্বাস জানান, সন্ধ্যায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনায় তিনি লোহাগড়া থানায় লিখিতভাবে মৃত্যুর বিষয়টি জানিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।
জনপ্রিয়


















