Advertisement

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে পাংশা থানার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিক উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে রিভলবারের ৮ রাউন্ড গুলি ও ‘Winstar’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা করেছেন। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জনপ্রিয়