Advertisement

চার বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অতঃপর…

চার বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অতঃপর…

বগুড়ার ধুনট উপজেলায় সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আত্মগোপনে থাকা আসামি মাসুদ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি-বুড়িভিটা গ্রামের ভুলু মিয়ার ছেলে। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ২০ বছর ধরে  ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। গত ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ২০০৬ সালে উক্ত মামলায় মাসুদ মিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে, বিচারকের রায় ঘোষণার আগেই মাসুদ মিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তিনি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ দিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা আসামি মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।