Advertisement

জলবায়ু ন্যায্যতা এবং ধনী-শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার দাবি প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ন্যায্যতা এবং ধনী-শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু সংকটের মহাসন্ধিক্ষণে ধনী ও শিল্পোন্নত দেশগুলোর প্রতি তাদের অতীতের প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ এর উচ্চপর্যায়ের বিশ্ব নেতাদের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কার্বন নিঃসরণে সর্বনিম্ন ভূমিকা রাখা সত্ত্বেও বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সবচেয়ে বড় মূল্য চুকাতে হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের অগ্রভাগে বাংলাদেশের চরম সংকট উল্লেখ করে সম্মেলনের মূল মঞ্চে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের সংগ্রাম, বারবার আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্নিঝড়, নদীভাঙন এবং লবণাক্ততার কারণে কৃষিজমি নষ্ট হওয়ার চিত্র তুলে ধরেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির অগ্রযাত্রাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অথচ এই সংকটের জন্য বাংলাদেশ বা গ্লোবাল সাউথ কোনোভাবেই দায়ী নয়।

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের এই অবিচার মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য শুধু সহানুভূতির প্রয়োজন নেই; প্রয়োজন সুনির্দিষ্ট কাঠামোগত সহায়তা ও বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা।

ধনী দেশগুলোর প্রতি তহবিল ও প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদে ভাষণে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, ঐতিহাসিক জলবায়ু চুক্তি ও অর্থায়নের প্রতিশ্রুতিগুলো দীর্ঘদিন ধরে কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়েছে। মাঠপর্যায়ে এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত মন্থর।

তিনি উন্নত দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে দ্রুত কার্যকর ও গতিশীল করে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য অর্জন করতে হলে উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি সহজলভ্য করতে হবে এবং একক দেশের পক্ষে এই লড়াই সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দেন, জলবায়ু সংকট কোনো আঞ্চলিক সীমানায় আবদ্ধ নয়। এটি পুরো মানবজাতির অস্তিত্বের লড়াই। একক কোনো দেশের পক্ষে এই বৈরিতা একা মোকাবিলা করা অসম্ভব। তাই বৈশ্বিক একতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পৃথিবীর এই সংকট থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব নয়।

বিশ্লেষকরা মনে করছেন, কপ৩১-এর এই গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও সুনির্দিষ্ট দাবি আন্তর্জাতিক কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক জলবায়ু নীতিমালায় গ্লোবাল সাউথের দাবিগুলোকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসবে। সূত্র-চ্যানেল24

জনপ্রিয়
Advertisement
বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন