যশোরে সড়ক দুর্ঘটনায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিহত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামে নড়াইল নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই মঈন হোসেন জানান,রোববার ভোর ৬টার দিকে তিনি মোটরসাইকেলে করে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পাঠানোর উদ্দেশ্যে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাকে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সেবিকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালের মর্গে ভিড় করেন।
জনপ্রিয়


















