বাংলাদেশ প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
নেত্রকোণার কেন্দুয়ার কৃতী লেখক ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাখাল বিশ্বাসকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ প্রকাশনী।
লেখালেখি ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন এক স্মরণীয় অভিজ্ঞতা। তবে সম্মাননা প্রাপ্তির আনন্দকে ছাপিয়ে তাঁর কাছে বিশেষ আনন্দের বিষয় হয়ে উঠেছে দেশের আট বিভাগের ৩০৭ জন লেখক, কবি ও সাহিত্যিকের এক মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ।
চলতি মাসের গত ২৭ নভেম্বর রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় তুলা উন্নয়ন বোর্ড (তুলা ভবন) সংলগ্ন আ. ক. ম. গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ প্রকাশনী।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি, সাহিত্যিক ও সৃজনশীল ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় সাহিত্যপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনক্ষেত্রে। এ আয়োজনে পারস্পরিক পরিচয়, সাহিত্য নিয়ে ভাববিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং লেখালেখির জগতে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক রাখাল বিশ্বাস বলেন, বাংলাদেশ প্রকাশনীর কাছ থেকে সম্মাননা পাওয়া নিঃসন্দেহে আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে এই সম্মাননার চেয়েও আমার কাছে বেশি আনন্দের ছিল দেশের আট বিভাগের ৩০৭ জন লেখক, কবি ও সাহিত্যিকের সঙ্গে একই ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ। এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা জীবনের স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়া, তাঁদের চিন্তা-চেতনা ও সাহিত্যভাবনা জানার সুযোগ পাওয়া সত্যিই অনেক বড় প্রাপ্তি। এই মিলনমেলার স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে ধারণ করে রাখতে চাই।
তিনি আরও বলেন, লেখালেখি কেবল নিজের মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজ, মানুষ, সংস্কৃতি ও সময়কে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাঁর লেখার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। সাহিত্যচর্চার এমন আয়োজন লেখকদের অনুপ্রাণিত করে এবং নতুন করে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার উৎসাহ জোগায়।
স্থানীয় সাহিত্যাঙ্গনে রাখাল বিশ্বাসের এ সম্মাননা অর্জন নিঃসন্দেহে আনন্দের খবর। তাঁর এ অর্জনে কেন্দুয়ার লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের এমন একটি সাহিত্যিক মিলনমেলায় কেন্দুয়ার প্রতিনিধিত্ব করাও স্থানীয় সাহিত্যাঙ্গনের জন্য গর্বের বিষয়।
সাহিত্যচর্চার বিকাশ, লেখকদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্যিকদের একই মঞ্চে একত্রিত করার ক্ষেত্রে বাংলাদেশ প্রকাশনীর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়


















