Advertisement

বকশীগঞ্জে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব বাজার

বকশীগঞ্জে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব বাজার
জামালপুরের বকশীগঞ্জে ক্ষতিকর রং মেশানো ও মানহীন শিশুখাদ্যে সয়লাব হয়ে পড়েছে হাটবাজার। উপজেলার বিভিন্ন মুদি দোকান, কনফেকশনারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবাধে বিক্রি হচ্ছে বাহারি রঙের চকলেট, জুস, ললিপপ, জেলি, আইস ললি ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। শিশুদের আকৃষ্ট করতে এসব খাবারে নিম্নমানের রং ও বিভিন্ন উপাদান ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামগঞ্জের দোকান ঘুরে দেখা গেছে, শিশুদের আকৃষ্ট করতে নানা রঙের প্যাকেটজাত ও খোলা খাবার সাজিয়ে রাখা হয়েছে। এসব খাবারের মধ্যে অনেক পণ্যের গুণগত মান, উৎপাদনের তারিখ, মেয়াদ ও অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে। বগারচর ইউনিয়নের মুদি দোকানদার ওমর ফারুক বলেন, অনেক শিশু ক্রেতা রং মেশানো জুস ও আইস ললি পছন্দ করে। শিশুদের চাহিদার কারণে আমরাও এসব পণ্য বিক্রি করি। আরেক দোকানদার মেহের মিয়া বলেন, চকলেট ও জুসজাতীয় খাবারে ব্যবহৃত রং স্বাস্থ্যসম্মত কি না, তা আমাদের জানা নেই। কারণ আমরা এসব খাবার তৈরি করি না। তবে ব্র্যান্ডের পণ্যগুলোর মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনের তথ্য থাকে। তবে বাজারে বিএসটিআইয়ের অনুমোদনসংক্রান্ত তথ্য ছাড়াও বিভিন্ন ধরনের শিশুখাদ্য বিক্রি করতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কিছু আমদানিকৃত খাদ্যপণ্যের মেয়াদ নিয়ে অসংগতি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো পণ্যের মেয়াদ পরিবর্তন বা বাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া অনুমোদনহীন ও মানহীন খাদ্যপণ্যও বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিক অভিভাবক জানান, শিশুরা রঙিন জুস, চকলেট, চিপস ও জেলিজাতীয় খাবারের প্রতি বেশি আকৃষ্ট। এসব খাবারের আকর্ষণীয় রং ও প্যাকেট দেখে শিশুরা কিনতে চায়। ফলে অনেক সময় অভিভাবকদের অজান্তেই শিশুরা এসব খাবার নিয়মিত খাচ্ছে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, নিম্নমানের উপাদান ও অননুমোদিত কৃত্রিম রং মেশানো খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব খাবার গ্রহণের ফলে হজমের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্য জটিলতার আশঙ্কা থাকে। দীর্ঘদিন অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আইন রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আইন ও বিধিনিষেধ উপেক্ষা করে অনিরাপদ খাদ্যপণ্য বাজারজাত করছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রির ক্ষেত্রে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
জনপ্রিয়
Advertisement
বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

বাগেরহাট প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন