পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে ভারতের যুদ্ধপরিকল্পনার নথিসহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। পাঁচ মাস আগে গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনের ধারায় মামলা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির একটি আদালতে জমা দেয়া অভিযোগপত্রে পুলিশ জানিয়েছে, ওই কর্মকর্তা যুদ্ধপরিকল্পনার নথি, ড্রোনের সক্ষমতা, সেনা মোতায়েনের স্থান, সম্মুখসারির যুদ্ধবিমানের চলাচল এবং স্পর্শকাতর স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে পাঠিয়েছেন।
পুলিশের দাবি, এসব তথ্য ফাঁসের ফলে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে, সামরিক অভিযানের দুর্বলতা প্রকাশ পেতে পারে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গোপন একটি ড্রোন ইউনিটের জনবল ও সাংগঠনিক কাঠামো, এর কার্যক্ষমতা, যুদ্ধের সময় ড্রোন মোতায়েনের জন্য নির্ধারিত স্থান এবং যুদ্ধবিমানের চলাচল সম্পর্কেও তথ্য দিয়েছেন ওই কর্মকর্তা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সন্দেহভাজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল তার। অফিসে স্মার্টফোন বহনের কারণে তাকে থামিয়ে তল্লাশি করার পর বিষয়টি সামনে আসে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওই এজেন্টের কাছ থেকে একটি ‘নগ্ন ছবি’ পাওয়ার পর কর্মকর্তা ‘গোপন যুদ্ধপরিকল্পনার’ একটি পৃষ্ঠা আপলোড করেন। এমনকি প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নতুন একটি পৃষ্ঠা দেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, ওই কর্মকর্তা গোপন ড্রোন ইউনিটের জনবল ও সাংগঠনিক কাঠামো, ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতার স্থায়িত্ব এবং লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি সম্পর্কেও তথ্য প্রকাশ করেছেন।
সন্দেহভাজন পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তার কাছে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলেন বলেও অভিযোগ করেছে পুলিশ। এসব অ্যাপের মাধ্যমে কর্মকর্তার বিভিন্ন ডিভাইসে সংরক্ষিত স্পর্শকাতর তথ্য এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগে প্রবেশাধিকার পাওয়া সম্ভব ছিল বলে দাবি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, ওই কর্মকর্তা তার অধীন ইউনিটে কর্মরত পাঁচ অধস্তন কর্মকর্তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করার কাজও সম্পন্ন করেছিলেন। এ ছাড়া লেহতে যুদ্ধবিমান মোতায়েন এবং সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি সামরিক মহড়া সম্পর্কেও তথ্য পাচারের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
অভিযোগপত্রে ওই কর্মকর্তা ও সন্দেহভাজন এজেন্টের মধ্যে যোগাযোগের বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাদের মধ্যে মোট ৩ হাজার ৮টি বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।



















