দক্ষিণী অভিনেত্রী ইনিয়া জানিয়েছেন- অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ে অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন তিনি। এমনকি নিজের বাবার দেওয়া ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে ঘরের উদাহরণের একটি পরামর্শের কথাও জানিয়েছেন ইনিয়া।
শুরুতেই অস্বস্তির কথা জানানো। অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে আপত্তি থাকলে শুটিংয়ের শুরুতেই তা নির্মাতাদের জানানো উচিত বলে তিনি মনে করেন। পোশাকের স্বাধীনতা। কোনো শিল্পী যদি খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে সেটিও নির্মাতাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা শিল্পীর নিজ দায়িত্ব বলে জানান এ অভিনেত্রী।
ইনিয়া বলেন, অন্তরঙ্গ দৃশ্যে কেউ কোনো শিল্পীকে জোর করে বাধ্য করাতে পারে না। শিল্পীর সম্মতি ছাড়া কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তির কথা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব বলে জানান তিনি।
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়— এসব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার।
ইনিয়া বলেন, তার বাবা সব সময় বলতেন— নিজের ঘর ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাকেই। তিনি বলেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন বলেও জানিয়েছেন ইনিয়া।
উল্লেখ্য, সম্প্রতি নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’ ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন ইনিয়াও।



















