সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার: আট গ্রামের হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো আর ভেলা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- ঠাকুরগাঁও
উন্নয়নের নানা অগ্রগতির যুগেও একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ। শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো আর বর্ষার মৌসুমে কলাগাছের ভেলাই তাদের নদী পারাপারের একমাত্র ভরসা। স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হয়নি।
উপজেলার ২ নম্বর কোষারানীগঞ্জ, ৩ নম্বর খনগাঁও ও বেগুনবাড়ি ইউনিয়নের সংযোগস্থল ঘিউডোব ঘাটে এই দৃশ্য নিয়মিত দেখা যায়। প্রতিদিন জীবিকার তাগিদে এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয় নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে প্রতি বছর বাঁশ সংগ্রহ করে এই সাঁকোটি তৈরি ও মেরামত করা হয়। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ চরমে পৌঁছায়। তখন সাঁকো ব্যবহার করা অসম্ভব হয়ে পড়লে বাধ্য হয়ে কলাগাছের ভেলায় নদী পার হন এলাকাবাসী।
এই ঝুঁকিপূর্ণ যাতায়াতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, “আমাদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলতে হয়।”
শুধু মানুষের যাতায়াত নয়, একটি স্থায়ী সেতুর অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য। এই এলাকার উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ নানা কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম ভোগান্তি।
স্থানীয় কৃষকরা জানান, ভারী মালামাল নিয়ে এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন কৃষকরা। উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারজাত করতে না পারায় পরিবহন খরচ ও সময় দুটোই অতিরিক্ত গুনতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হতো, তেমনি শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আসত।
ঘিউডোব ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে এই জনপদকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের একটাই প্রশ্ন—আর কতদিন বাঁশের সাঁকোটাই হবে তাদের একমাত্র ভরসা?
জনপ্রিয়



















