মেসিবিহীন নতুন পথচলায় আর্জেন্টিনার সামনে আসতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ফুটবল বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত দ্বৈরথ আবারও দেখার সুযোগ তৈরি হচ্ছে সমর্থকদের সামনে। আগামী বছরের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনা ও ব্রাজিলকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৭ সালের মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এএফএর আলোচনা বেশ এগিয়েছে। তবে দুই দেশের কেউই নিজেদের মাঠে ম্যাচটি আয়োজন করতে আগ্রহী নয়। সে কারণে নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
ম্যাচের সম্ভাব্য ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি। তবে চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
মূলত ২০৩০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সূচি নিয়ে অনিশ্চয়তা থেকেই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা। আগামী বছরের শুরুতে বাছাইপর্ব শুরুর সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে যাওয়ার আলোচনা চলছে। সে ক্ষেত্রে মার্চের আন্তর্জাতিক বিরতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ কাজে লাগাতে চায় আর্জেন্টিনা ও ব্রাজিল।
ফিফার সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত জাতীয় দলগুলোর ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। এই সময়ে প্রতিটি দল সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে। সেই বিরতিতেই আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ আয়োজনের চেষ্টা চলছে।
এ ছাড়া ২০২৮ সালের কোপা আমেরিকাকেও সামনে রাখছে দুই দল। বড় টুর্নামেন্টের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে সম্ভাব্য ম্যাচটিকে দেখছে তারা।
শেষ পর্যন্ত আলোচনা সফল হলে সাত বছরের বেশি সময় পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালের ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে লিওনেল মেসির একমাত্র গোলে সেদিন ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।



















