ঠাকুরগাঁওয়ে নিলামের আড়ালে বাড়তি গাছ কাটার অভিযোগ, লক্ষাধিক টাকার গাছ জব্দ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে নিলামে নির্ধারিত গাছের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে নিলামগ্রহীতা মো. রমজান আলীর বিরুদ্ধে। নিলামে বরাদ্দ পাওয়া ১০টি গাছ কাটার পর একই সিরিয়াল ব্যবহার করে অন্য গাছ কাটার সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী উপজেলার খলিশাকুড়ি ঝলঝলি এগারো মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা যায়।
জানা যায়, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ঝলঝলি থেকে এগারো মাইল মহাসড়কের দুই পাশের গাছ অপসারণের জন্য গত ৫ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৫ নম্বর প্যাকেজের ৪১ থেকে ৫০ নম্বর পর্যন্ত চিহ্নিত ১০টি গাছ কাটার সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন জগন্নাথপুর ইউনিয়নের আর্দশ কোলানি এলাকার মো. রমজান আলী।
বিএমডিএর ঠাকুরগাঁও জোনের সহকারী প্রকৌশলীর কার্যালয় থেকে দেওয়া কার্যাদেশ অনুযায়ী, ১০টি গাছ অপসারণের জন্য ৪ হাজার ৬০০ টাকা এবং ভ্যাট-আয়কর বাবদ নির্ধারিত অর্থ জমা দিয়ে গাছ কাটার অনুমতি পান তিনি।
তবে অভিযোগ রয়েছে, ওই ১০টি গাছ ইতিমধ্যে কেটে নিয়ে যাওয়ার পর আবারও একই নিলামের নতুন নাম্বার তৈরী করে গাছের গায়ে রং দিয়ে বসিয়ে গাছ কাটেন। এতে সরকারি সম্পদ অপসারণের প্রক্রিয়া ও নিলামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাছ কাটায় বাধা দেন এবং কাটা গাছগুলো আটকে রাখেন। পরে খবর পেয়ে বিএমডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রশ্ন, নিলামে নির্ধারিত গাছের বাইরে অতিরিক্ত গাছ কাটার চেষ্টা কীভাবে হলো? সরকারি সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তদারকি কতটা কার্যকর ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে নিলাম গ্রহীতা মো. রমজান আলী বলেন, আমি নিলামে যেসব গাছ পেয়েছি, সেগুলোই কাটছি। নিলামের বাইরে কোনো গাছ কাটিনি।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী আলমগীর মো. রুহুল আমিন বলেন, “অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, “নিলামের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখা হবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিলামের নির্ধারিত গাছের বাইরে অতিরিক্ত গাছ কাটার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জোরদাবি জানিয়েছেন।।
জনপ্রিয়



















