যবিপ্রবির সিএসই বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- যশোর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিভাগের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সিএসই বিভাগ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের বিভাগ। এখানে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের চার বছর শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। এ সময়ে পড়াশোনা ও বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠে। শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্ভাবনী চিন্তায় উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারি স্টার্টআপ তহবিল কাজে লাগানোর পরামর্শ দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, শুধু পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের জায়গা নয়; এখান থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিশ্বমানের মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে সালাউদ্দীন কবীর এবং শিক্ষার্থী মো. জসিম উদ্দিন ও মো. নিশাত।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়


















