ব্যাংকগুলো এখন ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী

ব্যাংকগুলো এখন ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, আগের সরকারের আমলে ব্যাংকগুলো থেকে সব নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাক খাতকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে।

শনিবার বিকেলে পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে সংগঠনটি।

দেশের বস্ত্র ও পোশাক খাতের সমস্যাগুলো তুলে ধরে রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন। এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত বস্ত্র ও পোশাকশিল্প উল্লেখ করে রিজভী বলেন, এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপের মধ্যে কীভাবে এ খাতকে টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের (এলডিসি) প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ উত্তরণের কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে আগের মতো সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ বিবেচনায় কিছু ক্রেতা পণ্য কেনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হতে পারেন বলেও তিনি মনে করেন।

আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে শিল্পকারখানার পরিবেশ, কর্মপরিবেশ ও অন্যান্য শর্ত পূরণের ওপর জোর দেন রিজভী। এসব শর্ত পূরণে আর্থিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করাও বড় চ্যালেঞ্জ।

বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে পরিচালনা করা গেলে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। এ বিষয়ে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা।

জনপ্রিয়