যশোরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- যশোর
মাদকমুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সিলুমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিলুমপুর যুব সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ও এইচটিসির সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন।
সিলুমপুর যুব সমাজের অভিভাবক মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে দেয়। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে দূরে থাকতে পারে। এলাকার কোথাও মাদক কেনাবেচা বা মাদকসেবনের ঘটনা চোখে পড়লে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদকের কুফল সম্পর্কে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সিলুমপুরকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন হোসোন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট বিল্লাল হোসেন।
আয়োজকরা জানান, এধরনের মতবিনিময় সভার মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি,তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ করাই তাঁদের মূল লক্ষ্য।
জনপ্রিয়










