রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত, সমন্বিত পদক্ষেপের নির্দেশ ডিআইজি’র
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- রংপুর
চোরাচালান, মাদকদ্রব্য ও বিস্ফোরকদ্রব্যের অবৈধ পাচার রোধে সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় রংপুর বিভাগীয় সদরদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটি’র সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে অপরাধীদের তৎপরতা বন্ধে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর এবং রেলওয়ে পুলিশসহ সকল সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের আহ্বান জানানো হয়। ডিআইজি বলেন, “সকল সংস্থার যৌথ উদ্যোগ ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের সহজে শনাক্তকরণ এবং অবৈধ কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।”
মাদক সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণের ক্ষেত্রে তিনটি মূল বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণ থাকা অত্যন্ত জরুরি—
(১) জ্ঞান (Knowledge): মাদক সম্পর্কে অভিযুক্তের স্পষ্ট ধারণার উপস্থিতি।
(২) দখল (Possession): অভিযুক্ত ব্যক্তির কাছে বা স্থান থেকে বস্তু উদ্ধার।
(৩) নিয়ন্ত্রণ (Control): উক্ত বস্তুর ওপর অপরাধীর সরাসরি কর্তৃত্ব।
তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিখুঁত করার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “আদালতে অপরাধ প্রমাণিত করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হলে নিখুঁত তদন্ত, সঠিক আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনের যথাযথ অনুসরণ করতে হবে।”
এছাড়াও, সাম্প্রতিক সময়ে রেলপথ ব্যবহার করে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে রেলওয়ে পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ উদ্দেশ্যে রংপুরে রেলওয়ে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন ডিআইজি।
সভায় উপস্থিত প্রতিনিধিবর্গ গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার ও আন্তঃসংস্থা সহযোগিতার মাধ্যমে পুরো বিভাগজুড়ে অপরাধ দমনে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সীমান্তসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বদা কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।
জনপ্রিয়



















