Advertisement

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ

চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে বিএনপি সরকার দেশকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি। এখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে আমরা দেখছি, চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমরা লক্ষ্য করছি, বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার পুনরায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট—সবকিছুই ফিরিয়ে এনেছে।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে দলটি অনেক দূরে সরে গেছে।”

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ

বাজারে সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এরপরও সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একটি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত হয়েছে।”

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে এবং এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শরীয়তপুর বার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সম্পন্ন করা হয়েছে। কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে জানান এনসিপির এই নেতা।

তিনি বলেন, ‘আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনারা যারা দেশপ্রেমিক ব্যক্তি রয়েছেন, যারা এলাকার উন্নয়ন করতে চান, মানুষের কাজ করতে চান, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন। স্বৈরাচার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করুন।’

নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। যারা রাতের ভোট করেছে, তাদের পরিণতি মনে রাখতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া হাজি শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মো. হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, সদস্যসচিব সবুজ তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জনপ্রিয়
Advertisement
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি