নড়াইলে মায়ের সঙ্গে অভিমানের পর স্কুলছাত্রীর মৃত্যু
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
- নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে তানিয়া খানম (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তানিয়া তেলিডাঙ্গা গ্রামের তফসির শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মায়ের কাছে ব্যবহারের জন্য মোবাইল ফোন চেয়েছিল তানিয়া। তবে ফোন না পেয়ে মায়ের ওপর অভিমান করে সে। পরে তার মা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে যান।
বিকেলে বাড়িতে ফিরে মেয়ের কক্ষের দরজা বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়


















