দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ- ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যহত আছে। স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যিাতায়াত।
বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।
তিনি জানান, দীপাবলি উপলক্ষে আজ সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। সে জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুদেশের মধ্যে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।



















