Advertisement

খলিফা ওসমান (রা.)-এর কোরআনপ্রেম

খলিফা ওসমান (রা.)-এর কোরআনপ্রেম
ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হজরত ওসমান ইবনে আফফান (রা.)। পবিত্র কোরআনের প্রতি তাঁর ভালোবাসা, গভীর অনুরাগ ও আত্মনিবেদন ছিল অতুলনীয়। জীবনের শেষ মুহূর্তেও তিনি কোরআন তিলাওয়াতে মগ্ন ছিলেন। এমনকি শাহাদাতের সময় তাঁর হাতে ছিল আল্লাহর কিতাব, আর সেই কিতাবের পাতায় ঝরে পড়েছিল তাঁর পবিত্র রক্ত। হজরত ওসমান ইবনে আফফান (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির অন্যতম। তিনি কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রাথমিক যুগেই হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিকের সৌভাগ্যবান ব্যক্তিদের একজন। হজরত ওমর (রা.)-এর শাহাদাতের পর তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর দুই কন্যা—রুকাইয়া (রা.) ও উম্মে কুলসুম (রা.)-এর স্বামী। এ কারণেই তাঁকে ‘জিন্নুরাইন’ বা ‘দুই জ্যোতির অধিকারী’ উপাধিতে ভূষিত করা হয়। ইসলামের কঠিন সময়ে তিনি নিজের বিপুল সম্পদ মুসলিম উম্মাহর কল্যাণে ব্যয় করেছেন। তাঁর শাসনামলে মুসলিম সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে এবং পবিত্র কোরআনের পাঠের ঐক্য ও সংরক্ষণে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন। ৩৫ হিজরির ১৮ জিলহজ তিনি মদিনায় শাহাদাতবরণ করেন। হজরত ওসমান (রা.)-এর কোরআনপ্রেম ছিল শুধুমাত্র আবেগনির্ভর নয়; বরং তা ছিল জ্ঞান, উপলব্ধি ও আমলনির্ভর। তিনি কোরআন তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবন করতেন এবং নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করতেন। তাঁর শিষ্য বিশিষ্ট তাবেয়ি আবু আবদুর রহমান সুলামি (রহ.) বলেন, ওসমান (রা.) দশটি আয়াত শেখার পর সেগুলোর অর্থ ও শিক্ষা অনুধাবন এবং সে অনুযায়ী আমল না করা পর্যন্ত পরবর্তী আয়াতের দিকে অগ্রসর হতেন না। এভাবেই তিনি কোরআন শিখতেন, বুঝতেন এবং জীবনে বাস্তবায়ন করতেন।হজরত ওসমান (রা.)-এর জীবনে এমন কিছু কাজ ছিল, যেগুলো তিনি বিশেষভাবে ভালোবাসতেন। বর্ণিত আছে, তিনি বলতেন, পৃথিবীতে আমার কাছে তিনটি বিষয় অত্যন্ত প্রিয়—ক্ষুধার্ত মানুষকে আহার করানো, বস্ত্রহীন মানুষকে পোশাক পরানো এবং কোরআন তিলাওয়াত করা।

পবিত্র কোরআনের সঙ্গে হজরত ওসমান (রা.)-এর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি জীবনের বড় একটি অংশ কোরআন তিলাওয়াত ও অধ্যয়নে অতিবাহিত করতেন। ইমাম নববী (রহ.) তাঁর জীবনীতে উল্লেখ করেছেন, হজরত উসমান (রা.) দিনে-রাতে একবার কোরআন খতম করতেন বলে বর্ণিত আছে। কোরআনের প্রতি তাঁর এই গভীর ভালোবাসা সম্পর্কে আরো একটি উক্তি প্রসিদ্ধ। তিনি বলতেন, ‘আমাদের অন্তর যদি পবিত্র থাকে, তাহলে আল্লাহর কালাম দ্বারা আমরা কখনো পরিতৃপ্ত হব না।’

হজরত ওসমান (রা.) শুধু নিজেই কোরআন তিলাওয়াত করতেন না; বরং কোরআনের বিশুদ্ধ পাঠ সংরক্ষণ এবং মুসলিম উম্মাহর মধ্যে এর প্রচার-প্রসারেও অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর ওহি লেখকদের একজন। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশে তিনি ওহি লিপিবদ্ধ করতেন। তাঁর খেলাফতকালে ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়।

বিভিন্ন অঞ্চলের মুসলমানদের মধ্যে কোরআন তিলাওয়াতের পদ্ধতি নিয়ে মতভেদ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। হজরত হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত কোরআনের মূল সংকলন এনে একটি বিশেষ কমিটির মাধ্যমে একাধিক নির্ভরযোগ্য অনুলিপি প্রস্তুত করান। এরপর সেগুলো বিভিন্ন ইসলামী অঞ্চলে পাঠিয়ে দেন এবং মুসলিম উম্মাহকে একটি মানসম্মত মুসহাফের ওপর ঐক্যবদ্ধ করেন। কোরআনের সংরক্ষণ ও প্রচারের ইতিহাসে এই উদ্যোগ ‘মুসহাফে ওসমানি’ নামে বিশেষভাবে পরিচিত। তাঁর এই দূরদর্শী পদক্ষেপ মুসলিম উম্মাহর জন্য এক ঐতিহাসিক অবদান হয়ে আছে।

হজরত ওসমান (রা.)-এর কোরআনপ্রেমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষকে কোরআন শেখানোর প্রতি তাঁর আগ্রহ। তিনি নিজে কোরআন শিখেছেন, শিখিয়েছেন এবং কোরআনের জ্ঞান ছড়িয়ে দিতে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। তাঁর শিক্ষার্থীদের মধ্যে বিশিষ্ট তাবেয়ি আবু আবদুর রহমান সুলামি (রহ.) বিশেষভাবে উল্লেখযোগ্য।

এ ছাড়া মুগিরা ইবনে আবি শিহাবসহ আরো অনেকে কোরআন শিক্ষা ও কিরাতচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এভাবে তিনি শুধু নিজের জীবনকেই কোরআনের আলোয় আলোকিত করেননি; বরং অসংখ্য মানুষের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সূত্র-কালেরকণ্ঠ

জনপ্রিয়
Advertisement
সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী