Advertisement

ভাতিজিকে ধর্ষণের পর হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত নিহত

ভাতিজিকে ধর্ষণের পর হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত নিহত

১২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, গত মে মাসে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এটি চতুর্থ ঘটনা বলে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের পাল্টা গুলি চালানোর অনুমতি দেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দিলীপ রায়। তাকে গ্রেপ্তার করতে রায়গঞ্জের একটি গ্রামে পুলিশের দল গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অভিযুক্ত আহত হন। পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জানা যায়, কুলিক নদীর কাছে একটি জঙ্গল থেকে ওই কিশোরীর নগ্ন ও আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর গত চার দিন ধরে দিলীপ রায়কে খুঁজছিল পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে আছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্তের ছোড়া একটি গুলি পুলিশের গাড়ির টায়ারে লাগে বলে জানা গেছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, দিলীপ রায়ের পৈতৃক বাড়ি ঝাড়খণ্ডে। তিনি বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, গত চার দিন ধরে আমরা অভিযুক্তকে খুঁজছিলাম। সোমবার রাত ২টার দিকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাংলা-বিহার সীমান্তের কাছে পারাপুকুর এলাকায় তাকে শনাক্ত করে আমাদের দল। তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১২ বছর বয়সী ওই কিশোরী। দুই দিন পর কুলিক নদীর কাছের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পিটিআই।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার দিলীপ রায় তার ভাতিজিকে কুলিক নদী দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি পিটিআইকে বলেন, ‘বৃহস্পতিবার আবদুলঘাটা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

এর আগে গত জুলাইয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশের দাবি, অপরাধের ঘটনাস্থলে নেয়ার সময় প্রভাস এক পুলিশ সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।

এছাড়া গত ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর নগ্ন মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন।

পুলিশের ভাষ্য, অপরাধের ঘটনাস্থলে নেয়া হলে একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করেন। একই দিন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে এক বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সামাউল হকও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এদিকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ কি প্রত্যেক অভিযুক্তকেই গুলি করে? কেউ পুলিশের ওপর হামলা চালালে তারা আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, ধর্ষণ ও হত্যা, মাদক পাচার এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের মতো কয়েকটি অপরাধের ক্ষেত্রে সরকার পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এসব ঘটনায় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতির জন্য অপেক্ষা করারও প্রয়োজন নেই বলে পুলিশকে জানানো হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান শূন্য সহনশীলতা। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আইন লঙ্ঘনকারীদের পুলিশের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, কেউ আইনবিরোধী কাজ করলে, নিজের হাতে আইন তুলে নিলে বা আইন লঙ্ঘন করলে তাকে পুলিশের মুখোমুখি হতে হবে। কিছু পরিস্থিতিতে পুলিশ এ ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়। সবারই আইন মেনে চলা উচিত।

জনপ্রিয়
Advertisement
সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী