যবিপ্রবির ৮৫ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
- যশোর
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অবস্থানের উন্নতি হলেও শিক্ষকদের উচ্চতর ডিগ্রির চিত্র হতাশাজনক। বিশ্ববিদ্যালয়টির প্রতি ১০০ জন শিক্ষকের মধ্যে ৮৫ জনেরই পিএইচডি ডিগ্রি নেই। মাত্র ১৫ শতাংশ শিক্ষক পিএইচডিধারী। এ ছাড়া প্রতি ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন একজন শিক্ষক।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। গত ৩ নভেম্বর প্রকাশিত এই র্যাঙ্কিং অনুযায়ী, বুয়েটের অর্ধেকের বেশি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭ শতাংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে।
যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে পিএইচডিধারী শিক্ষকের বিকল্প নেই। গবেষণার সুযোগ, উন্নত ল্যাবরেটরি ও পর্যাপ্ত অর্থায়নের অভাবে দেশে পিএইচডিধারী শিক্ষক ধরে রাখা কঠিন হচ্ছে। বিদেশে পিএইচডি করতে যাওয়া শিক্ষকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর পিএস জানান, উপাচার্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
জনপ্রিয়



















