পশু চরানোর পাশাপাশি তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন। পরবর্তী সময়ে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে বিশাল সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করলেও তাঁর জীবনযাপনে শ্রম, দায়িত্ববোধ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।
উসমান ইবনে আফফান (রা.)
তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান (রা.) ছিলেন একজন সফল ও বিত্তশালী ব্যবসায়ী। মক্কার কুরাইশ বংশের সম্মানিত ব্যবসায়ীদের মধ্যে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ব্যবসার উদ্দেশ্যে তিনি ইয়েমেন, সিরিয়া ও আবিসিনিয়াসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতেন। সততা, দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে ব্যবসায় তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি নিজের ব্যবসায়িক প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেও তিনি বিপুল সম্পদের মালিক হন। তবে তাঁর সম্পদ তাঁকে বিলাসিতায় নিমজ্জিত করেনি। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে তিনি নিজের সম্পদ অকাতরে ব্যয় করেছেন। ইসলামের ইতিহাসে তাবুক যুদ্ধের প্রস্তুতি, জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় এবং মানুষের কল্যাণে সম্পদ দানের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়।
আলী ইবনে আবি তালিব (রা.)
চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবি তালিব (রা.)-এর জীবনেও শ্রম ও আত্মনির্ভরশীলতার অনন্য দৃষ্টান্ত রয়েছে। জীবনের বিভিন্ন সময়ে তিনি জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কায়িক পরিশ্রম করেছেন। কখনো খেজুরবাগানে কাজ করেছেন, কখনো কূপ থেকে পানি তুলেছেন, আবার কখনো সেচকাজ ও অন্যান্য শ্রমসাধ্য কাজে অংশ নিয়েছেন। নিজের প্রয়োজনীয় কাপড় ও জুতো মেরামতের কাজও তিনি নিজেই করতেন।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি ঘটনা তাঁর পরিশ্রমী জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) খাদ্যসংকটে পড়লেন। বিষয়টি জানতে পেরে আলী (রা.) কিছু উপার্জনের আশায় কাজের সন্ধানে বের হলেন, যাতে সেই অর্থ দিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর খাদ্যাভাব দূর করা যায়। একপর্যায়ে তিনি এক ইহুদির খেজুরবাগানে পৌঁছান। সেখানে প্রতি বালতি পানি উত্তোলনের বিনিময়ে একটি করে খেজুর দেওয়ার চুক্তিতে তিনি কূপ থেকে ১৭ বালতি পানি তোলেন। কাজ শেষে বাগানের মালিক তাঁকে ১৭টি উত্তম খেজুর বেছে নেওয়ার সুযোগ দেন। আলী (রা.) সেই খেজুরগুলো নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৬)
ঘটনাটি থেকে বোঝা যায়, আলী (রা.) জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রম করতে দ্বিধা করতেন না। এমনকি রাসুলুল্লাহ (সা.)-এর জন্য খাদ্যের ব্যবস্থা করতেও তিনি নিজের শ্রমকে কাজে লাগিয়েছিলেন।
আবদুর রহমান ইবনে আউফ (রা.)
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন একজন অসাধারণ পরিশ্রমী ও সফল ব্যবসায়ী। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি নিজের অধিকাংশ সম্পদ ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা ছেড়ে আসেন। মদিনায় পৌঁছে তিনি আনসারি সাহাবি সাদ ইবনে রাবি (রা.)-এর সহযোগিতার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি অন্যের সম্পদের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই জীবিকা উপার্জনের পথ বেছে নেন। তাঁর বিখ্যাত উক্তি ছিল, ‘আমাকে বাজারের পথ দেখিয়ে দিন।’
এরপর তিনি মদিনার বাজারে ব্যবসা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই নিজের সততা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় অভাবনীয় সাফল্য অর্জন করেন। ধীরে ধীরে তিনি বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। বর্ণনায় পাওয়া যায়, মৃত্যুর সময় তিনি এক হাজার উট, তিন হাজার বকরি ও এক শ ঘোড়া রেখে গিয়েছিলেন। তবে সম্পদের প্রাচুর্য তাঁকে দানশীলতা থেকে দূরে সরিয়ে রাখেনি। বরং আল্লাহর পথে অকাতরে সম্পদ ব্যয় করার জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন।
আজকের সমাজে অনেকেই পেশার ধরন ও সামাজিক মর্যাদা বিবেচনা করে কাজের মধ্যে ছোট-বড় ভেদাভেদ তৈরি করেন। অথচ সাহাবিদের জীবন আমাদের শেখায়, হালাল উপার্জনের জন্য কোনো কাজই লজ্জার নয়। বরং অন্যের ওপর বোঝা না হয়ে নিজের শ্রমে জীবিকা নির্বাহ করাই আত্মমর্যাদার পরিচয়। সূত্র-কালেরকণ্ঠ



















