রাতের খাবারে রুটি বানানোর পর দু-একটি রুটি প্রায়ই থেকে যায়। সকালে সেই রুটি কেউ গরম করে খান, কেউ আবার ফেলে দেন। বাংলাদেশের অনেক পরিবারেই বাসি রুটি খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষ করে দুধ, কলা, গুড় কিংবা সবজির সঙ্গে সকালের নাশতায় বাসি রুটি খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু জানেন কি, সঠিকভাবে সংরক্ষণ করা বাসি রুটি শুধু খাবারের অপচয়ই কমায় না, বরং কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রান্না করা রুটি ঠান্ডা হওয়ার পর এর স্টার্চ গঠনে কিছু পরিবর্তন ঘটে। ফলে এতে তৈরি হতে পারে রেজিস্ট্যান্ট স্টার্চ। এটি সাধারণ স্টার্চের মতো সহজে হজম হয় না। বরং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করতে পারে। ভারতীয় গমজাত খাবার নিয়ে করা গবেষণায় দেখা গেছে, প্রায় ২৪ ঘণ্টা সংরক্ষণ করা চাপাতিতে তাজা চাপাতির তুলনায় রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। তবে বাসি রুটি মানেই বেশি স্বাস্থ্যকর, এমনটা ভাবার কারণ নেই। রুটি কী দিয়ে তৈরি এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তার ওপরও নির্ভর করে এর পুষ্টিগুণ। চলুন জেনে নেয়া যাক, সকালের নাশতায় বাসি রুটি খেলে কী কী উপকার মিলতে পারে।
১. বাড়তে পারে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ
রুটি রান্নার পর ঠান্ডা হলে এর মধ্যে থাকা কিছু স্টার্চ নতুন কাঠামো তৈরি করে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘রেট্রোগ্রেডেশন’। এর ফলে কিছু স্টার্চ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়।
এই ধরনের স্টার্চ ক্ষুদ্রান্ত্রে সহজে হজম হয় না। ফলে শরীর এটি সাধারণ শ্বেতসারের মতো দ্রুত গ্লুকোজে রূপান্তর করতে পারে না। গবেষণায় দেখা গেছে, সংরক্ষণ করা চাপাতিতে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এর পরিমাণ নির্ভর করে রুটি তৈরির উপকরণ ও সংরক্ষণের পদ্ধতির ওপর।
২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
রেজিস্ট্যান্ট স্টার্চের একটি সম্ভাব্য উপকারিতা হলো, এটি খাবার থেকে গ্লুকোজ শোষণের গতি কমাতে সাহায্য করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে।
ভারতীয় চাপাতি নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, সংরক্ষণ করা রুটি খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কমাতে পারে। তবে এই গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ১০ জন। তাই ডায়াবেটিস রোগীদের জন্য বাসি রুটি বিশেষভাবে উপকারী, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই। এ ক্ষেত্রে আটার ধরনও গুরুত্বপূর্ণ। ময়দার তুলনায় লাল আটায় আঁশ বেশি থাকে। এই আঁশ হজমের গতি ধীর করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
মাথাব্যথা ভেবে অবহেলা, মস্তিষ্কে টিউমারের ৮ লক্ষণ নিয়ে চিকিৎসকের সতর্কবার্তা
৩. সহজ হজম
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য খাবারে পর্যাপ্ত আঁশ থাকা জরুরি। রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রে পৌঁছে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। এটি অন্ত্রে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করতেও সাহায্য করে। অন্যদিকে, লাল আটার রুটিতে থাকা প্রাকৃতিক আঁশ মল নরম রাখতে এবং মলত্যাগ সহজ করতে সহায়তা করে। ফলে নিয়মিত আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস হজমের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।
৪. দীর্ঘক্ষণ পেট ভরা রাখে
সকালে নাশতা করার কিছুক্ষণ পরই ক্ষুধা পেয়ে যায় অনেকের। বিশেষ করে যাদের সকালে কাজের ব্যস্ততা বেশি, তাদের জন্য পেট ভরা রাখে এমন খাবার বেছে নেয়া জরুরি। বাসি রুটিতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ও লাল আটার আঁশ হজমের গতি ধীর করতে পারে। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি পাওয়া সম্ভব। রুটির সঙ্গে ডিম, দই, সবজি কিংবা পনির যোগ করলে নাশতায় প্রোটিন, আঁশ ও শর্করার ভালো সমন্বয় তৈরি হয়।তবে অতিরিক্ত রুটি, চিনি কিংবা ঘি দিয়ে খেলে এই নাশতা আর স্বাস্থ্যকর নাও থাকতে পারে।
৫. সকালের নাশতায় বাড়তি পুষ্টিগুণ
রুটি যদি লাল আটা বা গোটা গমের তৈরি হয়, তাহলে তাতে আঁশ, ভিটামিন, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। পরিশোধিত ময়দার তুলনায় গোটা গমের আটা সাধারণত বেশি পুষ্টিকর। তাই বাসি রুটিতে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ খুব বেশি না বাড়লেও লাল আটার রুটি হিসেবে এর পুষ্টিগুণ বজায় থাকে। দুধ, টক দই, ডিম কিংবা সবজির সঙ্গে খেলে সকালের নাশতাটিও হতে পারে তুলনামূলক ভারসাম্যপূর্ণ।
বাসি রুটির উপকার পেতে হলে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় সারা রাত ঘরের তাপমাত্রায় রুটি ফেলে রাখা নিরাপদ নয়। রান্নার পর রুটি ঠান্ডা করে দ্রুত ঢেকে ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার আগে ভালোভাবে গরম করে নিন।



















