নড়াইলে বাড়ির ছাদে মিলল অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- নড়াইল
নড়াইলের লোহাগড়ায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোভ্যান চালাতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়। তবে চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার একটি বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় আজিবারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে এবং কীভাবে তার মরদেহ বাড়ির ছাদে পৌঁছেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#
জনপ্রিয়



















