Advertisement

সরবরাহ বাড়লেও ইলিশের দাম কমেনি

সরবরাহ বাড়লেও ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। মাছ ধরার নৌকাগুলোতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। একইসঙ্গে উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

তবে নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের মধ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই ইলিশ কেনা এখনো সাধ্যের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। ওজন ও প্রতি কেজিতে সংখ্যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে এসব মাছের দাম।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয়—এমন আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজিদরে। চারটিতে কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে, তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে মাছের দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ তারা আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কেনেন। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

এদিকে, একই বাজারে ইলিশ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তিনি এই প্রতিবেদককে বলেন, সাগরের জেলেরা ভিডিও প্রকাশ করছেন, সেখানে দেখা যাচ্ছে তারা প্রচুর ইলিশ পাচ্ছেন। অথচ বাজারে সেই তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও চাওয়া হচ্ছে অনেক বেশি।

সোলাইমান মন্ডলের মতে, ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের উচিত মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা এবং অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এসব উদ্যোগ নেওয়া গেলে ইলিশের দামও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা।

জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক