Advertisement

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর নিছক অবসর কাটানোর শখ নয়। বিশেষ করে বাস মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্র। হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, বড় অঙ্কের পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার হওয়ার সুযোগ থাকায় তরুণদের মধ্যে বাড়ছে এই খেলার জনপ্রিয়তা। প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের।

চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরে প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হাইস্কুল পর্যায়ের বাস মাছ ধরার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে সূর্য ওঠার আগেই মেরিনায় জড়ো হয়েছিলেন প্রতিযোগীরা।

ভোরের আলো ফোটার আগে ২৫টি নৌকা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর নৌকাগুলো ছুটে যায় ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে। লক্ষ্য—সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা।

প্রতিযোগিতায় প্রথম অবস্থানে ছিলেন আলাবামার ১৮ বছর বয়সী কাইগ ব্র্যাগ। মাছ ধরার জন্য তিনি মেরিনা থেকে প্রায় ১০ মিনিট দক্ষিণে চলে যান। জায়গাটি সম্পর্কে তার ভালো ধারণা ছিল।

প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর মেরিনায় ফিরে তিনি আয়োজকদের হাতে তুলে দেন জাল দিয়ে তৈরি একটি ব্যাগ। তাতে ছিল তিনটি বাস মাছ, যার মোট ওজন ১১ পাউন্ড ৩ আউন্স। এই ওজনই তাকে এনে দেয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। পেছনে পড়ে যায় ২১৩টি প্রতিদ্বন্দ্বী দল।

বিজয়ী হিসেবে কাইগ পান ২৫ হাজার ডলারের একটি মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৭ লাখ টাকারও বেশি।

মাছ ধরার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে কাইগ বলেন, ‘সত্যি বলতে, বাস মাছ ধরতে আমার খুব ভালো লাগে। প্রতিবারই এখানে নতুন একটি ধাঁধা থাকে। বিষয়টি অনেকটা দাবা খেলার মতো।’

প্রতিযোগিতামূলক বাস মাছ ধরার ইতিহাস প্রায় ৬০ বছরের। তবে গত এক-দুই দশকে খেলাটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটি এখন একটি সম্ভাবনাময় পেশাদার ক্রীড়াক্ষেত্র। এই পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে হাইস্কুল ও তরুণদের জন্য মাছ ধরার ক্লাব এবং প্রতিযোগিতার সংখ্যা বাড়ছে।

খেলাটির নিয়ন্ত্রক সংস্থা বাস নেশন, যার পূর্ণ নাম বাস অ্যাঙ্গলার্স স্পোর্টসম্যান সোসাইটি। সংস্থাটির অধীনে বর্তমানে ৩৫টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ১০০টি হাইস্কুল ও যুব ক্লাবে ১২ হাজারের মতো অ্যাঙ্গলার (যারা মাছ ধরবেন) রয়েছেন। এক দশক আগে ক্লাবের সংখ্যা ছিল ৬০০ এবং অ্যাঙ্গলার ছিলেন প্রায় ৬ হাজার।

অন্তত আটটি অঙ্গরাজ্যে বাস মাছ ধরা হাইস্কুল পর্যায়ের স্বীকৃত খেলায় পরিণত হয়েছে। অন্য অনেক স্কুলেও রয়েছে নিজস্ব মাছ ধরার ক্লাব।

বাস মাছ ধরার প্রতিযোগিতার নিয়ম তুলনামূলক সহজ। প্রতিটি দলে একজন অথবা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নিতে পারেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ তিনটি মাছ ধরা যায় এবং প্রতিটি মাছের দৈর্ঘ্য কমপক্ষে ১৫ ইঞ্চি হতে হয়।

মাছগুলো ওজন করার সময় জীবিত থাকতে হয়। ওজন নেয়ার পর আবার সেগুলো লেকে ছেড়ে দেয়া হয়। প্রতিযোগীরা নিজেদের পছন্দমতো কৃত্রিম টোপ, মাছ ধরার ছিপ ও নৌকা ব্যবহার করতে পারেন। তবে মাছ ধরার সময় বাইরে থেকে কোনো ধরনের সহায়তা নেয়া নিষিদ্ধ।

কিন্তু এই খেলায় ভালো করতে প্রয়োজন বেশ বড় অঙ্কের বিনিয়োগ। একটি নতুন বাস ফিশিং বোটের দাম হতে পারে ১ লাখ ডলার। মাছের অবস্থান ও পানির গভীরতা নির্ণয়ের ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম ২ হাজার ডলার বা তার বেশি।

উন্নতমানের একটি ফিশিং রডের দাম কয়েক শ ডলার। প্রতিযোগিতায় অংশ নিতে যাতায়াত, জ্বালানি, হোটেল, খাবার ও নিবন্ধন ফিও বহন করতে হয়। নৌকাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় বলে পরিবহন খরচও কম নয়।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলের মাছ ধরার দল আনুষ্ঠানিক স্কুল ক্রীড়া দল নয়; বরং ক্লাব হিসেবে পরিচালিত হয়। কারণ, নৌকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বীমাসংক্রান্ত দায় নিতে অনেক স্কুল আগ্রহী নয়।

ফলে দলগুলোর খরচ মেটাতে নিজস্ব উদ্যোগে অর্থ সংগ্রহ করতে হয়। এর বড় অংশ আসে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপ থেকে। একটি স্পনসরশিপের জন্য কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। এ কারণে প্রতিযোগীদের জার্সিতে দেখা যায় বিভিন্ন বেইট শপ, মেরিনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোগো।

পেশাদার অ্যাঙ্গলার হতে হলে শুধু মাছ ধরার দক্ষতা থাকলেই চলে না। প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজের পরিচিতি তৈরি করার সক্ষমতা। স্পনসরদের কাছ থেকে সহায়তা পেতে হলে নিজের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়। শুধু স্পনসরের কাছে গিয়ে সাহায্য চাইলেই হয় না।

জনপ্রিয়
Advertisement
ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক