মৃত্যুর পর প্রথম রাত নিয়ে বিভিন্ন ধর্মে রয়েছে নানা বিশ্বাস, ব্যাখ্যা। কোথাও মৃত্যুর পর আত্মার নতুন যাত্রার কথা বলা হয়, কোথাও বিশ্বাস করা হয়—শুরু হয় আত্মার বিচার; আবার কোথাও মৃত্যুর পরের জীবনকে দেখা হয় পুনর্জন্মের সূচনা হিসেবে। কিন্তু ইসলাম ধর্মে মৃত্যুর পর প্রথম রাত কেমন? অন্ধকার কবরে একজন মানুষের সঙ্গে কী ঘটে? চলুন, জেনে নিই পবিত্র কোরআন ও হাদিসের আলোকে।
ইসলামের বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়কে বলা হয় বরজখ। আর কবর হলো পরকালের প্রথম গন্তব্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কবর পরকালের প্রথম মনজিল। এখানে মুক্তি পেলে পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। এ কারণেই সাহাবি ওসমান (রা.) কবরের পাশে দাঁড়ালে অঝোরে কাঁদতেন।
হাদিস অনুযায়ী, দাফন শেষে স্বজনরা যখন ফিরে যেতে থাকেন, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পান। এরপর শুরু হয় কবরের জিজ্ঞাসাবাদ। সুনানে নাসায়ির ২ হাজার ৫৪ নম্বর হাদিসে এসেছে—‘কবরের একটি চাপ আছে; যদি কেউ এই চাপ থেকে রেহাই পেত, তবে সাদ ইবনে মুয়াজ রেহাই পেত।’ অর্থাৎ নবিজি (সা.) সাহাবি সাদ ইবনে মুয়াজ (রা.)-এর মতো মর্যাদাবান ব্যক্তির ক্ষেত্রেও কবরের চাপের কথা উল্লেখ করেছেন।
এরপর আসেন মুনকার ও নাকির। সুনানে আবু দাউদের ৪ হাজার ৭৫৩ হাদিসে এসেছে—মুনকার ও নাকির মৃত ব্যক্তিকে বসিয়ে অত্যন্ত কঠোরভাবে তিনটি মৌলিক প্রশ্ন করবেন—‘তোমার রব কে?’, ‘তোমার ধর্ম কী?’ এবং ‘মুহাম্মদ সা. সম্পর্কে তুমি কী বলতে?’ এই প্রশ্নের উত্তর শুধু মুখস্থ জ্ঞান দিয়ে দেয়া সম্ভব নয়। বরং দুনিয়ার প্রকৃত ঈমান ও আমলের ভিত্তিতেই আল্লাহ মুমিনকে সঠিক উত্তর দেওয়ার তাওফিক দান করবেন। পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের অবিচল রাখার সুসংবাদ দিয়েছেন।
ভাবুন তো, সেই নিঃসঙ্গ মুহূর্তে আপনার পাশে কে দাঁড়াবে? হাদিসে বর্ণিত হয়েছে, মানুষের নামাজ, রোজা, জাকাত, দান-সদকা ও ভালো কাজ তার জন্য প্রতিরক্ষার কারণ হবে। অর্থাৎ দুনিয়ায় করা নেক আমলই হবে পরকালের কঠিন সময়ে তার সবচেয়ে বড় সম্বল।
যারা সঠিক উত্তর দিতে পারবেন, তাঁদের জন্য কবর প্রশস্ত হবে, খুলে দেওয়া হবে জান্নাতের দরজা। আর যারা ব্যর্থ হবেন, তাঁদের জন্য অপেক্ষা করবে কঠিন পরিণতি। তিরমিজির ২ হাজার ৪৬০ হাদিসে এসেছে—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি, নয়তো জাহান্নামের গর্তগুলোর একটি।
তবে মৃত ব্যক্তির জন্য জীবিতদেরও দায়িত্ব রয়েছে। দাফন শেষে কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাত ও অবিচলতার জন্য দোয়া করতে বলেছেন রাসুলুল্লাহ (সা.)। সূত্র-চ্যানেল 24



















