দীর্ঘ ২৩ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে দলের প্রতি আত্মবিশ্বাসী হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে খেলা, সমর্থকদের প্রত্যাশা এবং শিরোপার চাপ সবকিছুই উপভোগ করছেন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। তার বিশ্বাস, দলের সামর্থ্য আছে শিরোপা জেতার। গোলের সুযোগ তৈরি হচ্ছে, এবার সেগুলো কাজে লাগাতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি, আক্রমণভাগের সমস্যা, নিজের ভূমিকা, অধিনায়কত্ব এবং সাফ জয়ের স্বপ্ন নিয়ে কথা বলেছেন হামজা চৌধুরী।
প্রশ্ন: অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরেও প্রত্যাশা অনেক। দল কতটা প্রস্তুত? দেশের মানুষের উদ্দেশে কী বলবেন?
হামজা: আমি খুবই রোমাঞ্চিত। ভুটানের বিপক্ষে ম্যাচেও আপনারা দেখেছেন, আমরা সবাই কতটা উচ্ছ্বসিত ছিলাম। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছন্দ ধরে রাখতে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। জানি, আমার ওপর অনেক চাপ ও প্রত্যাশা রয়েছে। তবে ড্রেসিংরুমের সবাই জিততে চায়। ইনশাআল্লাহ, আমরা সাফ চ্যাম্পিয়ন হতে পারব।
প্রশ্ন: ২৩ বছর আগে বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। বর্তমান দল নিয়ে আপনি কতটা আশাবাদী? সতীর্থদের ওপর কতটা ভরসা রাখছেন?
হামজা: পুরো দেশ কী চায়, সেটা আমরা বুঝতে পারি। তবে এই দল নিয়ে আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আমরা খেলেছি। ভারতকেও হারিয়েছি। আমরা প্রমাণ করেছি, ভালো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। তবে আমাদের আরও ভালো খেলার সুযোগ রয়েছে। নিজেদের সামর্থ্যের আরও কয়েকটি ধাপ ওপরে উঠতে পারব। ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।
প্রশ্ন: আগের ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগে কিছুটা সমস্যা দেখা গেছে। ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং মোরসালিনদের উপস্থিতি আক্রমণভাগকে কতটা শক্তিশালী করবে বলে মনে করেন?
হামজা: আমাদের স্ট্রাইকারদের নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। একটু সময়, আরও অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পেলে গোলের সামনে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমি এ নিয়ে আশাবাদী। ইনশাআল্লাহ, আমরা আরও বেশি গোল করতে পারব এবং আরও বেশি ম্যাচ জিততে পারব।
প্রশ্ন: বাংলাদেশ গোলের অনেক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছে না। প্রথম ম্যাচেও বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছে। বিষয়টি কি আপনাকে চিন্তায় ফেলছে?
হামজা: না, বিষয়টি নিয়ে আমি চিন্তিত নই। যদি আমরা গোলের সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার কারণ থাকত। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ মুহূর্তে আমার গোল করা উচিত ছিল। তবে আমি আগেও বলেছি, আমরা সুযোগ তৈরি করতে পারছি। ইনশাআল্লাহ, এবার সেগুলো কাজে লাগাতে শুরু করব।
প্রশ্ন: সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে হার রয়েছে। আসন্ন ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে?
হামজা: শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। আমার মনে হয়, গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করছি। ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা জিতেছি। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। শ্রীলঙ্কার ওপরও চাপ থাকবে, কারণ তারাও হারতে চাইবে না। আমরা ম্যাচটির জন্য মুখিয়ে আছি এবং আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামীকাল জিতব।
প্রশ্ন: সাফ চ্যাম্পিয়নশিপ জেতা আপনার এবং বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এই টুর্নামেন্টের সঙ্গে তো বিশ্বকাপ বা অন্য কোনো প্রতিযোগিতার বাছাইপর্বের সম্পর্ক নেই। তারপরও শিরোপা নিয়ে এত আগ্রহ কেন?
হামজা: বাংলাদেশের জন্য, দেশের সব মানুষের জন্য এই শিরোপা গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত। মানুষ আমাকে যেভাবে সমর্থন ও ভালোবাসা দেখায়, তা অসাধারণ। ইংল্যান্ডে থাকাকালেও বাংলাদেশের সমর্থকেরা আমাদের খেলা দেখতে ভ্রমণ করে আসেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক বড় বিষয়। ইনশাআল্লাহ, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।
প্রশ্ন: আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে আপনি কতটা রোমাঞ্চিত? দলের জন্য কতটা অবদান রাখতে চান?
হামজা: ফুটবল একটি দলীয় খেলা। এখানে বিষয়টি শুধু আমাকে নিয়ে নয়, পুরো দলকে নিয়ে। ধীরে ধীরে আমরা উন্নতি করছি, সেটা দেখতে পাচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত। আবারও ঘরের মাঠে দর্শকদের সামনে বড় একটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। আমাদের জন্য এটি অনেক বড় প্রতিযোগিতা। ২৩ বছর হয়ে গেছে আমরা সাফ জিতিনি। ইনশাআল্লাহ, এবার শিরোপাটি দেশে নিয়ে আসতে পারব।
প্রশ্ন: শ্রীলঙ্কার কোচ বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে পারে। আপনি কী মনে করেন?
হামজা: আমি দুই দলের ম্যাচই দেখেছি। তবে আমাদের নিজেদের পারফরম্যান্সও ভালো। আগেই বলেছি, আমরা কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। এটি ভালো দলীয় পারফরম্যান্স ছিল। এখন শুধু শেষ কাজগুলো ঠিকঠাক করতে হবে। অন্য দল কী করছে, তা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। নিজেদের নিয়েই ভাবতে হবে এবং প্রতিটি ম্যাচ আলাদাভাবে নিতে হবে। ইনশাআল্লাহ।
প্রশ্ন: বাংলাদেশে আসার পর ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। আপনাকে দেখার জন্য দর্শকদের অপেক্ষা, ভালোবাসা—এসব কতটা উপভোগ করেন? সমর্থকদের উদ্দেশে কী বলবেন?
হামজা: আসলে ফুটবল নিয়ে উন্মাদনা আগেও ছিল। শুধু আমি একা আসিনি, শমিত, ফারহান, ফাহমিদুল এবং এর আগে কিউবাও এসেছে। আমরা সবাই যেন একটা উপযুক্ত সময়ে একসঙ্গে এসেছি। আলহামদুলিল্লাহ, ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে।
তবে এখন আমাদের ম্যাচ জেতা শুরু করতে হবে। প্রায় এক-দুই বছর ধরে এই উন্মাদনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। যারা অনেক টাকা ও সময় ব্যয় করে আমাদের খেলা দেখতে মাঠে আসেন, তাদের প্রতিদান দিতে হবে। এখন আমাদের পরবর্তী ধাপ হলো ম্যাচ ও টুর্নামেন্ট জেতা। ইনশাআল্লাহ, আমরা সেটি করতে পারব।
প্রশ্ন: দলের প্রয়োজনে আপনাকে কখনো সামনে, কখনো পেছনে, আবার কখনো দুই পাশে খেলতে দেখা যায়। এতে মাঝমাঠে যে জায়গা ফাঁকা হয়, সতীর্থরা সেটি পূরণ করতে পারছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ কি বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন?
হামজা: হ্যাঁ, কথা হয়েছে। কখনো কখনো আমি হয়তো একটু বেশিই করার চেষ্টা করি, শুধু দলকে সাহায্য করার জন্য। তবে কীভাবে আরও ভালোভাবে দলকে গোল করতে কিংবা রক্ষণ সামলাতে সাহায্য করতে পারি, তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এসব বিষয় অনুশীলন ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে ঠিক করা হয়।
আমি সব সময় দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমাদের দলে আক্রমণ ও রক্ষণ, দুই ক্ষেত্রেই অবদান রাখার মতো দক্ষ খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করাটাও গুরুত্বপূর্ণ। ফুটবলে সঠিক সমন্বয় খুঁজে বের করতে হয়।
বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব কম পাওয়া যায়। তাই শুরুতে সবার মধ্যে বোঝাপড়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবে ধীরে ধীরে আমরা একই পরিকল্পনা ও বোঝাপড়ার জায়গায় আসছি।
প্রশ্ন: বাংলাদেশ দলের স্থায়ী অধিনায়কত্বের প্রস্তাব পেলে কি আপনি দায়িত্বটি গ্রহণ করবেন?
হামজা: কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। আমার মনে হয়, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড় কথা, ড্রেসিংরুমে সবাইকে একই মানসিকতায় থাকতে হবে। আমাদের মধ্যে পরিবারের মতো একটা সম্পর্ক রয়েছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যা হবে, সেটাই মেনে নেব।
প্রশ্ন: এবারের সাফে কোন দলকে ফেভারিট মনে হচ্ছে? এক বাক্যে যদি বলতেন?
হামজা: ফেভারিট কে? আমার মনে হয়, আমরাই ফেভারিট। অন্তত আমি সেটাই বিশ্বাস করতে চাই।
সূত্র-চ্যানেল 24


















