প্রেমিক বা প্রেমিকা নেই? কারো মেসেজের অপেক্ষায় ফোন হাতে বসে থাকতে হয় না? রাতে ‘খেয়েছ?’ জিজ্ঞেস করার মতো কেউ নেই? তাহলে মন খারাপ করার কী আছে! বরং আজ একটু নিজের জন্য হাসুন। কারণ আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।
যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি, কিংবা জীবনের কোনো এক পর্যায়ে একা হয়ে গেছেন, তাদের জন্য দিনটি হতে পারে নিজের সঙ্গে একটু সময় কাটানোর উপলক্ষ। তবে সিঙ্গেল ডের সবচেয়ে সুন্দর বার্তাটি হয়তো অন্য জায়গায়-সম্পর্কে না থেকেও জীবন সুন্দর হতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হচ্ছে, যার প্রতিপাদ্য নিজেকে ভালোবাসা। অনেকেই একাকীত্ব আর একা থাকাকে গুলিয়ে ফেলেন। মনে করেন একা থাকা মানেই গভীর কোনো শূন্যতায় ভোগা, নিজেকে হারিয়ে ফেলা। অথচ মুদ্রার ওপিটে তাকালে বোঝা যায়, একা থাকা মানে নিজেকে চেনার একটি চমৎকার সুযোগ।
ইতিহাসের দিকেই তাকিয়ে দেখুন না, পৃথিবীর যত বড় বড় ও মহৎ আবিষ্কার- সেসব ঘটেছে একা একা, নীরবে ও নিভৃতে। বিজ্ঞানী, দার্শনিক কিংবা কবি-সাহিত্যিক যিনিই কোলাহল থেকে নিজেকে আড়াল করেছেন তিনিই রচনা করেছেন অসাধারণ সব সৃষ্টি ও কালজয়ী ভাবনার। তাই একা থাকা মানেই নিঃসঙ্গতায় ডুবে যাওয়া নয় বরং কোলাহলের আড়ালে লুকানো নতুন এক আমিকে খুঁজে পাওয়ার অভিযান।
সিঙ্গেল বা একা মানেই অসম্পূর্ণতা নয়
জীবনে প্রেমের উপস্থিতি যেমন আশীর্বাদ তেমনি একা থাকাটাও উপভোগের। একা মানে সাহসিকতা, থেমে না যাওয়ার দৃঢ় অঙ্গীকার। কারও জীবনে আজ হয়তো প্রেম আছে, ভালোবাসা আছে, প্রিয় মানুষটি রয়েছে পাশে। কারও জীবনে হয়তো তা নেই। কেউ দুজন মিলে রঙিন স্বপ্নে বিভোর হচ্ছেন। কেউ বা একাই নিজের গল্পটা লিখে চলেছেন।
তাই বলে এই একা থাকাটা জীবনের অসম্পূর্ণতা নয়। কখনো কখনো এটি নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। নিজেকে বোঝার, জানার সুযোগ।
সিঙ্গেল ডের ইতিহাস ও প্রেক্ষাপট
সিঙ্গেল ডে নিয়ে প্রচলিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর দিনটি পালনের সঙ্গে রিড নামের এক ব্যক্তির উদ্যোগের কথা উল্লেখ করা হয়। আগে দিনটি বছরের অন্য একটি সময়ে পালিত হতো, পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর পালনের প্রচলন হয়।
অন্যদিকে চীনে সিঙ্গেলস ডে পালিত হয় ১১ নভেম্বর বা ১১.১১ তারিখে। চারটি ‘১’ পাশাপাশি থাকায় দিনটি একক মানুষের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়। প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই উদ্যাপনের শুরু। পরে তা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৃহত্তর সমাজে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সিঙ্গেল ডে শুধু প্রেমিক বা প্রেমিকা না থাকার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নিজের মতো করে বাঁচার আনন্দও।
নিজেকে ক্ষমা করে দিন
সিঙ্গেল ডের সবচেয়ে সুন্দর বার্তা হলো- একা মানেই একাকী থাকা নয় বরং নিজের মতো করে ভালো থাকা। তাই আজকের এই বিশেষ দিনে সবার আগে নিজের ভুলগুলোকে ক্ষমা করে দিন। নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে সেসব পূরনে কাজ করুন।
নিজের সঙ্গ উপভোগ করুন
আজকের দিনে সকল মন খারাপ ভুলে নিজেকে সময় দিন, নিজের সঙ্গ উপভোগ করুন। যা যা করতে ভালো লাগে সেসব কাজই করুন। নিজেকে এমন কিছু উপহার দিন যা এতদিন ধরে কেনার কথা ভাবছিলেন।
নিজেকে ট্রিট দিন
পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। প্রিয় কোনো রেস্তোরাঁয় গিয়ে স্বাদ নিতে পারেন প্রিয় কোনো ডিশের। অথবা চুমুক দিতে পারেন প্রিয় চা কিংবা কফির কাপে। কেননা, এই দিনটি শুধুই আপনার। আর আপনার গল্পে আজ আপনিই প্রধান চরিত্র।
নিজের জন্য সাজুন
প্রেমে পড়লে আমরা অনেক সময় অজান্তেই অন্য মানুষটির পছন্দকে গুরুত্ব দিতে শুরু করি। সে কোন পোশাক পছন্দ করে, কোন রেস্টুরেন্টে যেতে ভালোবাসে, কোন সিনেমা দেখতে চান এসব ভাবতে ভাবতেই নিজের পছন্দগুলো কখনো পেছনে পড়ে যায়।
সিঙ্গেল ডে তাই হতে পারে নিজের পছন্দের তালিকাটা আবার খুলে দেখার দিন। অনেক দিন ধরে যে পোশাকটি কেনার কথা ভাবছেন, কিনে ফেলুন। পছন্দের ক্যাফেতে একা বসে কফি খান। পার্লারে গিয়ে নিজের যত্ন নিন। ঘরে ফিরে প্রিয় সিনেমা দেখুন। অথবা কিছু না করে সারাদিন নিজের মতো করে কাটিয়ে দিন।
অলস সময় কাটান
এসবের কিছুই করতে ইচ্ছে না করলে আজ ঘরে বসেই সময় কাটাতে পারেন। চা-কফির মগ হাতে নিয়ে বসে থাকতে পারেন জানলায়। আকাশ দেখতে পারেন। সঙ্গে শুনতে পারেন প্রিয় গানগুলো। কিংবা পড়তে পারেন পছন্দের কোনো বই। আবৃত্তি করতে পারেন প্রিয় কোনো পঙক্তি।
সোশ্যাল মিডিয়ার প্রেম দেখে নিজের জীবনকে ছোট না করা
সিঙ্গেলদের সবচেয়ে বড় বিপদ কখনো কখনো বাস্তব জীবন নয়, সোশ্যাল মিডিয়া। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই কারো এনগেজমেন্ট, কারো কাপল ছবি, কারো সারপ্রাইজ গিফট, কারও ডিনার ডেট। তখন মনে হতেই পারে-‘শুধু আমার জীবনেই এসব নেই!’ কিন্তু মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত জীবনের সুন্দর মুহূর্তগুলোই দেখায়। সম্পর্কের ভুল বোঝাবুঝি, কান্না, একাকীত্ব কিংবা অশান্তির গল্প খুব কমই সামনে আসে। তাই অন্যের সাজানো কয়েকটি ছবির সঙ্গে নিজের পুরো জীবনকে তুলনা করার কোনো প্রয়োজন নেই। অন্যের সম্পর্কের হাইলাইট দেখে নিজের জীবনকে ডিলিট করে দেবেন না।
মনে রাখবেন, সব গল্প প্রেমের হয় না। কিছু গল্প হয় জীবনের-টিকে থাকার। আজকের দিনটি সুন্দর করে বাঁচতে পারলে আগামী দিনের বিজয়ী হাসি হাসবেন আপনিই। তাই আজকের এই সিঙ্গেল ডে থেকেই আপনার গল্পটি লেখা হোক- হাসিখুশি, সুখী এক মানুষের গল্প। আপনাকে সিঙ্গেল ডের শুভেচ্ছা!



















